কথায় কথায় সেনাবাহিনী দেওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, কোনো নির্বাচনেই সেনাবাহিনীর প্রয়োজন নেই। কথায় কথায় সেনাবাহিনী দেওয়া যায় না। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি চালু করা হবে। বরিশালের গৌরনদী উপজেলায় নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শনকালে গতকাল মঙ্গলবার স্থানীয় প্রশাসন, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শামসুল হুদা বলেন, ভোটার তালিকাভুক্তকরণ, জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ও পরিচয়পত্রের ভুলত্রুটি সংশোধনীসহ নির্বাচনী কার্যক্রমে জনসাধারণের সুবিধার্থে সার্ভার স্টেশন চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয়পত্রের ভুলত্রুটি সংশোধনের জন্য আর ঢাকায় যেতে হবে না। আগামী জানুয়ারি থেকে প্রতিটি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জনগণ এ ধরনের সুযোগ-সুবিধা পাবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার প্রমুখ। এদিকে মাদারীপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের সার্ভার স্টেশন পরিদর্শনে এসে গতকাল দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে ভোট কারচুপি বন্ধের ভালো অস্ত্র হচ্ছে ইভিএম। আমরা সরকারকে বলতে চাই, ভবিষ্যতে যেকোনো নির্বাচনে এই সিস্টেম চালু রাখা উচিত।’ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক নূর উর রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন প্রমুখ।