কথায় নয়, কাজে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর আত্মবিশ্বাস ছিল দৃঢ়, দেশপ্রেমে ছিলেন অবিচল। সারা জীবন তিনি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুর এসব আদর্শকে প্রতিষ্ঠিত করতে হলে কাজেকর্মে তার প্রতিফলন ঘটাতে হবে।গতকাল শনিবার ‘বঙ্গবন্ধুর জীবন দর্শন ও বাংলাদেশের বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এই সভার আয়োজন করে পেশাজীবী সমন্বয় পরিষদ।সভার প্রধান আলোচক শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধুর লক্ষ্যের দৃঢ়তা ছিল। পাকিস্তান সৃষ্টির পরই তিনি বাঙালির স্বার্থরক্ষার জন্য আন্দোলন করেছেন। শত অত্যাচার সহ্য করেও তিনি এই আন্দোলনের সঙ্গে আপস করেননি।’ কাজে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিফলন ঘটানোর জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যত দিন না আমরা আমাদের কাজকর্মে প্রতিফলন ঘটাতে পারব তত দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা হবে না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু নিরস্ত্রীকরণ, খাদ্যনিরাপত্তাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ব মানুষের বন্ধুতে পরিণত হন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বঙ্গবন্ধুর সঙ্গে একটি সাক্ষাতের স্মৃতিচারণা করেন। ১৯৭৪ সালের ৬ ফেব্রুয়ারির সেই ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতার পর প্রথম সাহিত্য সম্মেলনের আমন্ত্রণ জানাতে বাংলা একাডেমীর তখনকার মহাপরিচালকের সঙ্গে আমরা কয়েকজন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে সময় বঙ্গবন্ধু বলেন, ‘‘আপনারা দেশের ইতিহাস লিখবেন। গবেষণা করবেন। আপনাদের আজ ইতিহাসের কতগুলো ঘটনা জানাচ্ছি। আমি সত্যি সত্যি আগরতলায় গিয়েছিলাম। ”বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া বলেন, বঙ্গবন্ধু সারা জীবন ত্যাগের রাজনীতি করেছেন। পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেসবাহউদ্দীন সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের সভাপতি কাজী ফারুক আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সমন্বয় পরিষদের সভাপতি কামরুল হাসান খান প্রমুখ।