বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে অসৌজন্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও গণতান্ত্রিক শিষ্টাচার-বহির্ভূত বলে উল্লেখ করেছেন বিএনপির নেতারা। তাঁরা এ বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ধিক্কার জানান এবং ভবিষ্যতে বক্তব্য দেওয়ার সময় শালীনতা বজায় রাখার আহ্বান জানান।রাজধানীর মুক্তাঙ্গনে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। ‘আর দুর্নীতি করব না—নাকে খত দিয়ে বলুন’—খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে দলটি এ কর্মসূচি পালন করে।সমাবেশ চলাকালে মুক্তাঙ্গনে মঞ্চের পেছনের দিকে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দুই পক্ষের মধ্যে মারামারি লাগে। এক পক্ষ আরেক পক্ষের দিকে চেয়ার ও ইটপাটকেল ছুড়ে মারে। ইটের আঘাতে এক ছাত্রের মাথা ফেটে যায়। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যে শালীনতা থাকবে না, এটা হতে পারে না। তিনি প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের নিন্দা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ যে পথে হাঁটছে, তা গণতন্ত্রের জন্য ভালো নয়। এভাবে চলতে থাকলে দেশ অন্ধকারে নিমজ্জিত হতে বাধ্য।সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন বলেন, বিএনপি যখন সরকারকে সহযোগিতা করতে চেয়েছে, তখন আওয়ামী লীগ বিএনপির ওপর চড়াও হচ্ছে। বিরোধী দলের ওপর এ ধরনের নির্যাতনের ফল অতীতে কখনো ভালো হয়নি। এ সরকারের জন্যও ভালো হবে না। তিনি বলেন, প্রবল গণআন্দোলন সৃষ্টির মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।সমাবেশে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতি ছিল খুবই কম। তবে মধ্যম সারির বেশ কয়েকজন নেতা এতে বক্তব্য দেন।যৌথসভা: ৯ আগস্ট পল্টন ময়দান থেকে বিএনপির গণমিছিল সফল করতে সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।