কথিত অনলাইন সংবাদমাধ্যম থেকে ভিওআইপি সামগ্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে একটি কথিত অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাতে এ অভিযানের সময় জাহাঙ্গীর আলম ওরফে জনি নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
র‌্যাব-৩-এর অধিনায়ক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকম নামের একটি কথিত অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয় থেকে ওই সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্র জানায়, সংবাদমাধ্যমের নাম দিয়ে সেখানে অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছিলেন আটক জাহাঙ্গীর। তিনি কথিত ওই অনলাইন সংবাদমাধ্যমটির সম্পাদক। তিনি এর আগেও চাঁদাবাজি, গাড়ি চুরিসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি ও ভয় দেখানোর অভিযোগ রয়েছে।
কারওয়ান বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, অনলাইন গণমাধ্যমে কুৎসা রটনা ও পুলিশ দিয়ে হয়রানির ভয় দেখিয়ে জাহাঙ্গীর আলম বিভিন্ন সময় এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়েছেন।