কথিত অবেদনবিদ চিকিৎসক নন, এইচএসসি ফেল
রিজেন্ট হসপিটাল লিমিটেডের সেই অবেদনবিদ শেখ মো. ফারুক হোসেন আদতে চিকিৎসকই নন। তাঁর শিক্ষাগত যোগ্যতা ‘এইচএসসি ফেল’। তবে হাসপাতালের খাতায় তাঁর মূল কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিএ (অ্যানেসথেসিয়া), এমডি (মেডিসিন)।
এর আগে ১৫ ফেব্রুয়ারি জয়নাল শেখ এই শেখ মো. ফারুক হোসেনসহ চারজনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন। অন্য আসামিরা হলেন চিকিৎসকের অ্যাটেনডেন্ট সাইফুল ইসলাম, হাসপাতালের পরিচালক মেজবাউল আলম ও চিকিৎসক নাসির উদ্দিন।
জয়নাল শেখ বলেন, ১৪ ফেব্রুয়ারি অ্যানেসথেসিয়া দেওয়ার পরপরই তাঁর বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস লিম্পার (১৬) পরিস্থিতির অবনতি ঘটে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকেরা জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। জয়নাল শেখ মাংসের চর্বি কিনে বাজারে বিক্রি করেন। মেয়ের হাত ঠিক করাতে ৫৫ হাজার টাকায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছিলেন।
মিরপুরের রিজেন্ট হাসপাতালের ওয়েবসাইটের তথ্য হলো, এটি একটি ১০০ শয্যা হাসপাতাল। এখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে। যেসব চিকিৎসক এখানে কাজ করেন তাঁরা অত্যন্ত দক্ষ। এই হাসপাতালের আরও একটি শাখা আছে উত্তরায়।
কাগজপত্রে দেখা গেছে, শেখ মো. ফারুক হোসেনসহ রিজেন্ট হাসপাতালে মোট ৬৮ জন চিকিৎসক আছেন। তাঁদের মূল কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল। হাসপাতালে অবেদনবিদের তালিকায় আছে শেখ মো. ফারুক হোসেন ও মো. আনোয়ার হোসাইনের নাম। স্ত্রীরোগ-প্রসূতিবিদ্যা বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক কাগজে-কলমে আছেন ১২ জন। তবে গত বছরের ১৯ ডিসেম্বর থেকে স্ত্রীরোগের যেকোনো অস্ত্রোপচার করছিলেন শারমিন আক্তার (সুইটি) এবং অবেদন করতেন শেখ মো. ফারুক হোসেন।
হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওই দুজনকে কাজের দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করেন।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের জিজ্ঞাসাবাদে শেখ মো. ফারুক হোসেন বলেন, তিনি এইচএসসিতে ফেল করে পল্লিচিকিৎসক হওয়ার জন্য এলএমএফ কোর্স করেন। তারপর বিভিন্ন চিকিৎসকের সহযোগী হিসেবে কাজ করেছেন।
পুলিশের মিরপুর জোনের সহকারী উপকমিশনার কামাল হোসেন বলেন, ওই ঘটনায় শেখ মো. ফারুক হোসেন ছাড়া আর কেউ গ্রেপ্তার হননি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।