কথিত আনন্দ মেলা আবার চালু না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় গত শুক্রবার রাতে আওয়ামী লীগের দুপক্ষের প্রভাব বিস্তার নিয়ে কয়েক দফা সংঘর্ষে পণ্ড হয়ে যাওয়া কথিত আনন্দ মেলা আবার চালু করার অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে ‘ইমান আকিদা সংরক্ষণ কমিটি’ নামে একটি সংগঠন। গতকাল সোমবার সকালে সংগঠনটি আমতলী উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে।

বেলা ১১টায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমান আকিদা সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ আলম তালুকদার।

সংগঠনটির নেতারা বলেন, একটি প্রভাবশালী মহল আবার তা চালু করার পাঁয়তারা চালাচ্ছে। এ জন্য তাঁরা আবার আনন্দ মেলার নামে এসব অনৈতিক কাজের অনুমতি না দেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের কাছে দাবি জানান।

গত শুক্রবার রাতে আমতলী শহরের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় ওই আনন্দ মেলায় প্রভাব বিস্তার করার ঘটনাকে কেন্দ্র করে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান ও প্যানেল মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মুসার সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে প্যানেল মেয়র জি এম মুসাসহ অন্তত ৫০ জন আহত হন।