কথিত কবিরাজসহ তিনজনের ১০ বছর করে কারাদণ্ড
ফেনীতে অপচিকিৎসায় মৃত্যুর অভিযোগে কথিত কবিরাজসহ তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে দণ্ডের আদেশ দেওয়া হয়।
ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহম্মদ হারুনুর রশিদ গতকাল সোমবার দণ্ডবিধির ৩০৪ (বি)/১০৯ ধারায় তাঁদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ছাগলনাইয়ার পূর্ব পাঠানগড় গ্রামের মো. বেলাল খন্দকার (কবিরাজ) এবং তাঁর সহযোগী একই উপজেলার বাঁশপাড়া নদীরকূল গ্রামের মো. নূর নবী ও মো. নাসির উদ্দিন। মামলার রায় ঘোষণার সময় আসামি মো. নাসির উদ্দিন উপস্থিত থাকলেও অন্য দুজন পলাতক রয়েছেন। তাঁরা যেদিন আদালতে আত্মসমর্পণ করবেন অথবা গ্রেপ্তার হবেন, সেদিন থেকেই রায় কার্যকর হবে।
ফেনীর সহকারী সরকারি কৌঁসুলি দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলার ধলিয়া গ্রামের মৌলভি তোফাজ্জল হোসেনের মানসিক ভারসাম্যহীন ছেলে মো. জাকির হোসেনের (৪০) চিকিৎসার দায়িত্ব নেন মো. বেলাল খন্দকার। তাঁকে সুস্থ করার জন্য ১৫ হাজার টাকা কবিরাজকে দিতে হবে—এই মর্মে একটি মৌখিক চুক্তি হয়। ২০০৫ সালের ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত মো. জাকির হোসেনের হাতে ও পায়ে শিকল বেঁধে তাঁকে পুকুরের পানিতে বারবার চুবানো হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে গেলে কবিরাজ তখন তাঁকে একটি কম্বল মুড়ি দিয়ে ঘরের মধ্যে রেখে চলে যান। এরপর তিনি মারা যান।