কথিত ক্যানসার হাসপাতাল সিলগালা, দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলগালা সেই ক্যানসার হাসপাতালের ভেতরের চিত্র। ছবি: প্রথম আলো
সিলগালা সেই ক্যানসার হাসপাতালের ভেতরের চিত্র। ছবি: প্রথম আলো

মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে যাওয়ার পথে (টিবি গেট) হাতের বামে এক সারি দোকানপাট আর রেস্তোরাঁ। এর ওপরই টিনের ছাপরা আর হার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে ‘ক্যানসার হাসপাতাল’। ভেতরে দুর্গন্ধময় ও নোংরা পরিবেশে গাদাগাদি করে রাখা হয়েছে ১৮টি বিছানা।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মহাখালী টিবি গেইট এলাকায় এ রকম একটি হাসপাতালে অভিযান চালিয়ে বিউটি বেগম (৩৮) ও শাহাদাত হোসেন (২৪) নামের দুজনকে দুই বছর করে সাজা দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে।

র‌্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, কোনো ধরনের সরকারি অনুমোদন, চিকিৎসক, সেবিকা বা টেকনিশিয়ান ছাড়াই বিউটি, শাহাদাত ও একজন পরিচ্ছন্নতাকর্মী এই হাসপাতালটিতে রোগীদের সেবা দিচ্ছিলেন। আজ ওই হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন ছিলেন। এদের বেশির ভাগেরই কেমোথেরাপি চলছিল।

সাজা পাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের একজন ওয়ার্ডবয় নেতা ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন স্টেনো টাইপিস্ট ওই হাসপাতালটির মূল মালিক। তাঁরাই জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে দূরদূরান্ত থেকে আসা রোগী ভাগিয়ে এনে ওই টিনের ছাপরা দেওয়া হাসপাতালে নিয়ে আসেন।

র‌্যাব সূত্র জানিয়েছে, ওই হাসপাতালের মালিক ওয়ার্ডবয় ও স্বাস্থ্য অধিদপ্তরের স্টেনোর বিরুদ্ধে বিভাগীয় মামলা করে ব্যবস্থা নেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত নির্দেশ দিয়েছেন।

ভেতরের অবস্থা: টিবি গেইটে চিশতিয়া হোটেলের পাশে মইয়ের মতো সরু লোহার খাড়া সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই কোলে করে মুমূর্ষু রোগীদের ওপরে ওঠানো হয়। ভেতরে হার্ডবোর্ড দিয়ে চারটি কক্ষ করা হয়েছে। ভেতরে ঢুকতেই নাকে ধাক্কা দেয় কটু গন্ধ। নোংরা টয়লেট, বিছানা, অন্যান্য বর্জ্য আর ওষুধের গন্ধ মিলিয়ে উৎকট এক গন্ধ ভেতরে। বিছানাগুলোও এমনভাবে রাখা যে মাঝখান দিয়ে একজন কোনো রকমে হেঁটে যেতে পারেন। এখানেই শুইয়ে কোনো রোগীর শরীরে রক্ত, কারও শরীরে কেমোথেরাপির ওষুধ দেওয়া হচ্ছে। বিছানাগুলোও নোংরা, তেল চিটচিটে।

নিচের হোটেলকর্মী ও দোকানদারেরা জানান, আগে এখানে ‘ঢাকা টিউমার ক্লিনিক’ নামের একটি বড় সাইনবোর্ড ছিল। কয়েক দিন আগে সেই সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়। এখন ‘ডক্টরস চেম্বার’ নামে এটি চলছে।

রোগী আবুল হাসেম বলেন, তিনি সরকারি ক্যানসার হাসপাতালে ভর্তি হতে এসেছিলেন। সেখান থেকে  দালালেরা তাঁকে এখানে নিয়ে আসে। একেক কোর্স কেমোথেরাপি দিতে সাত থেকে ১০ হাজার টাকা করে নেওয়া হয়।

র‌্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, এখানকার ১২ জন রোগীকে র‌্যাবের ব্যবস্থাপনায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অভিযানে র‌্যাব-১-এর উপপরিচালক আসিফ কুদ্দুস ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি যোগেশ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।