কথিত জিনের বাদশার প্রতারণার শিকার ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার এক ক্ষুদ্র ব্যবসায়ী কথিত জিনের বাদশার প্রতারণার শিকার হয়েছেন। প্রতারকেরা তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি ওজনের সোনার গয়না নিয়ে গেছে।
প্রতারণার শিকার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৩৫)। তিনি ৫ নম্বর ওয়ার্ডের চারিআনিপাড়া মহল্লার বাসিন্দা। তাঁর সঙ্গে প্রতারণার কাজে ব্যবহার করা দুটি মুঠোফোনের অবস্থান শনাক্ত করেছে পুলিশ। সেগুলো গাইবান্ধার আওতাধীন হওয়ায় পুলিশ সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।
সাইফুল ইসলাম গতকাল বুধবার বলেন, গত ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটার দিকে তাঁর মুঠোফোনে কল করে একজন নিজেকে জিনের বাদশা বলে পরিচয় দেন। ওই ব্যক্তি তাঁকে দুটি কোরআন শরীফ ও দুটি জায়নামাজ কেনার জন্য দেড় হাজার টাকা দিতে বলেন। পরদিন তিনি বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। পরে ওই ব্যক্তি তাঁর নামে সাত হাঁড়ি ধনরত্ন বরাদ্দ হয়েছে বলে জানান। এগুলো পেতে তিনি দুই দফায় ৪৫ হাজার টাকা বিকাশ করে পাঠান। এরপর ওই ব্যক্তি ধনরত্ন পেতে কিছু সোনার গয়না কাছাকাছি কোনো মসজিদে রাখতে বলেন। তিনি স্ত্রীর ও প্রতিবেশী নারীদের কাছ থেকে প্রায় পাঁচ ভরি ওজনের গয়না এনে উপজেলা পরিষদের মসজিদের পেছনে রেখে দেন। পড়ে এসে দেখেন গয়নাগুলো নেই। এরপর ওই ব্যক্তির মুঠোফোন নম্বরে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। তিনি এ ঘটনায় মামলা করবেন।
চারিআনিপাড়া মহল্লার মো. সবুজ মিয়া বলেন, সাইফুল তাঁর স্ত্রীর কাছ থেকে ধার করে গয়না এনেছেন।
নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান গতকাল বলেন, সাইফুলের দেওয়া মুঠোফোন নম্বরগুলো তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রযুক্তি বিভাগে পাঠান। সেখান থেকে কল ডিটেইলড রেকর্ড সংগ্রহ করে দেখতে পান, ফোনের অবস্থান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।