কথিত জেএমবি সদস্য গাফফার পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোপীবাগে ছয় খুনের মামলায় সন্দেহভাজন জেএমবি সদস্য আবদুল গাফফারকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলাম এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আবদুল গাফফারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, তদন্তে ছয় খুনের ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

২০১৩ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় গোপীবাগের এক বাড়িতে ইমাম মেহেদীর প্রধান সেনাপতি দাবি করা লুৎফর রহমানসহ ছয়জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহত লুৎফর রহমানের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক ওয়ারী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।