কথিত তিন জঙ্গি ৭ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যার ঘটনায় গ্রেপ্তার কথিত তিন জঙ্গিকে সাত দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড মঞ্জুর করেন।

অভিজিৎ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ফজলুর রহমান তিনজনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তৌহিদুর রহমান (৫৮), সাদেক আলী ওরফে মিঠু (২৫) ও আমিনুল মল্লিক (৩৫) নামে এ তিনজনকে আটক করে গতকাল গণমাধ্যমের সামনে হাজির করে র‍্যাব। র‍্যাব এর দাবি, আটক হওয়া তিনজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এঁদের মধ্যে তৌহিদুর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি অভিজিৎ ও অনন্ত হত্যার মূল পরিকল্পনাকারী এবং আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারী।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু আদালতকে বলেন, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত বই মেলার একটি আলোচনা সভায় অংশ নেন। এর পর সেখান থেকে টিএসসি চত্বরের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আগে থেকে অবস্থান করা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অভিজিৎকে কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অভিজিৎ মারা যান এবং তাঁর স্ত্রী আহত হন। গ্রেপ্তার হওয়া আসামিরা নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ও নেতা এবং জঙ্গি কর্মকাণ্ডে অর্থ জোগানদাতা। এঁদের কাছ থেকে ব্লগার হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

তৌহিদুর রহমানের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আইনজীবী কামাল উদ্দিন। আদালত ওই আবেদন নামঞ্জুর করেন।

গত সোমবার রাতে রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি থেকে ওই তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

আরও পড়তে ক্লিক করুন