রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার সেনওয়ালিয়া মৌজার সেই ‘নোফেল ডিজিটাল সিটি’র প্রকল্প কার্যালয়সহ প্রধান কার্যালয়ে এখন তালা ঝুলছে। সরকারের অধিগ্রহণ করা জমি দখল করে প্লট আকারে বিক্রি করার অভিযোগে পরিবেশ অধিদপ্তর কথিত এই আবাসন প্রকল্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ায় কর্মকর্তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন। বছর খানেক আগে একটি চক্র অনুমোদনবিহীন আবাসন প্রকল্প ‘নোফেল ডিজিটাল সিটি’র নামে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ৫০ গজ দূরে সাভার গলফ ক্লাবের পেছনে আশুলিয়ার সেনওয়ালিয়া মৌজায় সরকারের অধিগ্রহণ করা প্রায় ১৬৮ বিঘা জমি দখল করে নেয়। দখলের পর প্রতিষ্ঠানের কর্মকর্তারা সরকারি ওই জমির উঁচু টিলা কেটে এবং জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রি করে আসছিলেন। সমপ্রতি প্রথম আলোতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর পরিবেশ অধিদপ্তর নোফেল ডিজিটাল সিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের একটি দল ২০ মে অভিযান চালিয়ে নোফেল ডিজিটাল সিটির বিরুদ্ধে ভূমিদস্যুতা এবং অবৈধভাবে সরকারি অধিগ্রহণ করা জমি দখল করার প্রমাণ পায়। অভিযানকালে প্রতিষ্ঠানটি তাদের দখল করা ভূমির মালিকানার সমর্থনে নামজারিসহ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা প্রকল্পের অনুকূলে জেলা প্রশাসকের কোনো অনাপত্তিপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও দেখাতে ব্যর্থ হন। এ পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ২০ মে নোফেল ডিজিটাল সিটির কাজ বন্ধ করে দিয়ে এর মালিক আহমেদ করিমকে পরিবেশ আইনে ক্ষতিপূরণ বাবদ ১৫ লাখ টাকা জরিমানা করেন। কিন্তু প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জরিমানার টাকা পরিশোধ না করে প্রধান কার্যালয়সহ প্রকল্প কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহামঞ্চদ আবদুল্লাহ আল মামুন জানান, নির্দিষ্ট সময়ে জরিমানার টাকা পরিশোধ না করায় পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ দল জরিমানা পরিশোধের নোটিশ নিয়ে শনিবার কথিত আবাসন প্রকল্প নোফেল ডিজিটাল সিটির আশুলিয়া প্রকল্প কার্যালয়সহ রাজধানীর পল্টনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখতে পান। তিনি জানান, পরিবেশ অধিদপ্তর কথিত ওই আবাসন প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিকারক এ ধরনের বেআইনি কার্যক্রম বন্ধে পরিবেশ অধিদপ্তর কথিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। খুব শিগগির মামলা করে মালামাল জব্দসহ এর কর্মকর্তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।