কথিত পীর লাইলীর কাণ্ড
স্বপ্নে আদিষ্ট হয়ে নিজেকে পীর দাবি করে লাইলী বেগম নামে এক নারী পানিপড়া, তেলপড়া ও ঝাড়-ফুঁকের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম বাদুরতলী গ্রামে কথিত এই পীরের আবির্ভাব ঘটেছে। এক মাস ধরে তিনি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। গত সোমবার সকালে সরেজমিনে বাদুরতলী গ্রামে গিয়ে দেখা গেছে, লাইলী বেগমের আস্তানায় বেশ কিছু লোকের ভিড়। বিভিন্ন রোগের চিকিৎসা নিতে এসেছেন তাঁরা। অনেকে হাতে পানির বোতল, তেলের শিশি নিয়ে বসে আছেন। অপেক্ষা কখন দেখা মিলবে লাইলী বেগমের সঙ্গে। আগতদের বেশির ভাগই এসেছেন কলাপাড়ার বিভিন্ন গ্রাম থেকে। কথা হয় লালুয়ার চারিপাড়া গ্রামের ছালেহা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘মানুষের কাছে শুনছি এই পীরের কাছে আহলে সবকিছু ভালো হইয়া যায়। মোর পোলাডার জ্বর কমে না। দেহি ভালো হয় কি না।’ কথিত পীর লাইলী বেগম বলেন, ‘পীর গাজী কালু স্বপ্নে মোরে দায়িত্ব দেছে। পীরের লগে হাওয়ার মাধ্যমে কতা কইয়া বিভিন্ন রোগের চিকিৎসা করি।’ জানা গেছে, লাইলীর বিয়ে হয়েছিল ১৪ বছর আগে। তাঁর স্বামী হালিম সিকদার পেশায় রাজমিস্ত্রী। দীর্ঘদিন স্বামীর সঙ্গে যোগাযোগ নেই লাইলীর। দুই সন্তান হাজেরা বেগম (১০) ও কায়েস শিকদারকে (৩) নিয়ে তাঁর বড়ভাই জাফরের বাড়িতে আছেন অনেক দিন ধরে। জানা গেছে, কথিত এই পীর চিকিৎসা খরচ হিসেবে মাত্র ১০ টাকা নেন। তবে কথিত জিন ছাড়ানোর নাম করে তিনি ২০০ থেকে ৩০০ টাকা নেন। কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রহিম বলেন, ‘এটা এক ধরনের অপচিকিৎসা। এ যুগে এসব বিশ্বাস করার কোনো যুক্তি নেই।