কথিত পীরকে অপচিকিৎসা বন্ধের নির্দেশ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত রসুলপুর গ্রামের কথিত পীর লিয়াকত আলী খানকে তাঁর অপচিকিৎসা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। গতকাল সোমবার দুপুরে তাঁকে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে ওই নির্দেশ দেওয়া হয়।
ইউএনও মো. অহিদুল ইসলাম বলেন, প্রচলিত চিকিৎসার বিপরীতে পীরের এ ধরনের কথিত চিকিৎসা সাংঘর্ষিক হওয়ায় তাঁকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ইউএনওর কার্যালয়ের কাছে অবস্থান করে দেখা যায়, পীর লিয়াকত আলী খান একটি মাইক্রোবাসে ইউএনও কার্যালয়ে আসেন। সেখানে উপস্থিত ওই কার্যালয়ের এক কর্মচারী জানান, লিয়াকত আলী তাঁর অপচিকিৎসা নিয়ে সাফাই গেয়ে ইউএনওকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ইউএনও দেশের প্রচলিত আইন মেনে অপচিকিৎসা বন্ধ রাখার নির্দেশ দিলে ওই পীর তড়িঘড়ি করে সেখান থেকে চলে যান।
কিডনি, ক্যানসার, হৃদ্রোগ, মানসিকসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়া রোগীদের বেত দিয়ে পিটিয়ে ও পানি পড়া খাইয়ে চিকিৎসা দেন পীর লিয়াকত আলী খান।