কথিত পীরের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের মেহগনিতলা এলাকায় অবস্থিত মোহাম্মদীয়া খানকা শরিফের পরিচালক কথিত পীর শেখ নূর মোহাম্মদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্মের নামে শেখ নূর মোহাম্মদ ভণ্ডামি করছেন। তিনি স্ত্রী ও সন্তানদের ঘরে তালাবন্দী করে রেখে বছরের পর বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন। মেয়েসন্তানদের বাড়ি থেকে বের হতে দেননি। তাঁদের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন। তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা। সমাজে এ ধরনের অমানবিক কাজ করতে যেন আর কেউ ধৃষ্টতা না দেখায়, সে জন্য তাঁরা প্রশাসনের কাছে ওই পীরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পীরের হাতে নির্যাতনের শিকার স্ত্রী-সন্তানদের পুনর্বাসন দাবি করেছেন। সংগঠনটি শেখ নূর মোহাম্মদকে ভণ্ড পীর বলে আখ্যায়িত করেছেন।
বাগেরহাট জেলা মহিলা পরিষদের সভানেত্রী তহুরা বেগম, সম্পাদক শিল্পী সমাদ্দার, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদার, স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার নারী নেটওয়ার্কের সভানেত্রী আম্বিয়া খাতুন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানম, মানবাধিকার কর্মী অনিতা রায় ও অরিন্দম দেবনাথ ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।