কথিত প্রেমিক কোপানোর সময় তিনি হাত-পা চেপে ধরেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাসদস্য মাহবুব আলম গত বৃহস্পতিবার বিকেলে ছুটি নিয়ে কুমিল্লার কর্মস্থল থেকে ময়মনসিংহের বাড়িতে আসেন। ওই দিন রাতে তাঁর স্ত্রী শিল্পী আক্তারের কথিত প্রেমিক ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাসদস্য রেজাউল ইসলামও নাইট পাস নিয়ে ময়মনসিংহে যান। রাতে খাওয়ার পর ছেলে-মেয়েরা ঘুমিয়ে পড়লে শিল্পী সেমাইয়ের সঙ্গে সাতটি ঘুমের বড়ি মিশিয়ে স্বামীকে খাইয়ে দেন। রাত একটার দিকে মাহবুব ঘুমিয়ে পড়লে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিল্পী দরজা খুলে দেন। এ সময় রেজাউল ঘরে ঢুকে ঘুমন্ত মাহবুবের মাথায় চাপাতি দিয়ে দুটি কোপ দেন। এরপর মুখে বালিশ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার সময় শিল্পী তাঁর স্বামীর হাত ও পা চেপে ধরে রাখেন। মাহবুবের রক্তে পুরো বিছানা ও রেজাউলের প্যান্ট-শার্ট রঞ্জিত হয়। পরে এটিকে ডাকাতির ঘটনায় রূপ দিতে রেজাউল শিল্পীর হাত-পা বেঁধে নগদ ১২ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। গত শনিবার সন্ধ্যায় শিল্পী ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহাঙ্গীর আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন। জেলার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার এ কথা জানান। গতকাল রোববার সেনাসদস্য রেজাউল ইসলামকে গ্রেপ্তার করে ওই থানায় সোপর্দ করার জন্য পুলিশের পক্ষ থেকে ঢাকা সেনানিবাসে চিঠি পাঠানো হয়েছে। ওসি গোলাম সরোয়ার বলেন, জেলার মোমেনশাহী সেনানিবাসে কর্মরত থাকাকালীন শিল্পীর সঙ্গে রেজাউলের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার শিল্পী আক্তারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর থানা পুলিশ রেজাউলকে গ্রেপ্তারের জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে। আদালত শিল্পীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২০ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। পরে শিল্পীকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, কুমিল্লায় কর্মরত সেনাবাহিনীর ল্যান্স করপোরাল মাহবুব আলম রুবেল গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ শহরের আকুয়া খালপাড় এলাকার ভাড়া বাসায় খুন হন। এ ঘটনায় তাঁর ভাই মেহেদী হাসান জুয়েল বাদী হয়ে ওই রাতেই ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা করেন। পরে পুলিশ মাহবুবের স্ত্রী শিল্পী আক্তারকে গ্রেপ্তার করে।