ঢাকায় যুক্তরাষ্ট্রের তত্কালীন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ও চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসির তারবার্তার নামে উইকিলিকসের প্রচারিত বার্তাগুলো বড় কোনো ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে বিএনপিকে দেশবাসীর কাছে হেয় করার চেষ্টার পাশাপাশি বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্র ও সে দেশের প্রশাসনের নিবিড় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার অপকৌশল নেওয়া হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন। সাম্প্রতিক সময়ে উইকিলিকসের বরাত দিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি এই বিবৃতি দেন।মির্জা ফখরুল অভিযোগ করেন, ঢাকায় মার্কিন দূতাবাসে বিভিন্ন সময়ে কর্মরত কূটনীতিকদের পাঠানো তারবার্তার বরাত দিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোর মধ্যেকার তথ্যগত নানা অসংগতি থেকে বোঝা যায়, আদতে ওগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।দেশকে রাজনীতিশূন্য করতে ষড়যন্ত্রকারীরা উইকিলিকসের অপ্রমাণিত তারবার্তা বেছে নিয়েছেন।বিএনপি রাষ্ট্রদূত মরিয়ার্টির পাঠানো তারবার্তার দুটি অসংগতির কথা তুলে ধরেছে। এক, ওই তারবার্তাগুলো যে সময়ে পাঠানোর কথা বলা হচ্ছে, সে সময় মরিয়ার্টি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন না। ওই সময় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন গীতা পাসি। তাই ওই বার্তা বিশ্বাসযোগ্য নয়। দুই, এই বক্তব্য যদি মরিয়ার্টির হয়ও, সে ক্ষেত্রেও এর ভাষা ও বিষয়বস্তুর সঙ্গে সে সময় দুদকের প্রধানের বক্তব্যের সঙ্গে মিল আছে। তাই এটা দুদকের কোনো প্রতিবেদন হতে পারে, মরিয়ার্টির ভাষ্য নয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হয়েছে, সেগুলো বিশ্বাসযোগ্য ছিল না।তারবার্তায় বলা হচ্ছে, তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসা না দিতে অনুরোধ করেছিলেন গীতা পাসি। এই কথিত বার্তা মিথ্যা ও বানোয়াট। কেননা, তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে একটি সফরের ব্যবস্থা করে দেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। সেখানে যুক্তরাষ্ট্র সরকারের অনেক কর্মকর্তা ও কংগ্রেসম্যান তাঁর সঙ্গে সাক্ষাত্ করেন।বিবৃতিতে বলা হয়, উইকিলিকসের এসব তথ্যকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কল্পকথা বা ফ্যান্টাসি আখ্যা দেওয়া হয়েছে। তারেক রহমানের ব্যাপারে যেসব তথাকথিত তথ্য প্রচার করা হয়েছে, সেগুলোও একই ধরনের অপচেষ্টামাত্র।