কথিত শিক্ষকের প্রতারণা বই পায়নি শিক্ষার্থীরা
রংপুরের পীরগাছায় ভুয়া প্রধান শিক্ষক সেজে এক ব্যক্তি উপজেলা শিক্ষা কার্যালয় থেকে নতুন শিক্ষাবর্ষের বই তুলে নিয়েছেন। এতে এক মাস পেরিয়ে গেলেও বই পায়নি উপজেলার তালুক উপাসু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী। ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থীর জন্য ১৬০ সেট বই উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে বরাদ্দ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের অনুপস্থিতিতে পাশের গোদা শিমলা গ্রামের শওকত আলী প্রধান শিক্ষক সেজে গত ৯ জানুয়ারি বইগুলো তুলে নেন। সহকারী শিক্ষক কোকিলা বেগম, ফাহিমা আকতার ও ইয়াসমিন বেগম জানান, শিক্ষাবর্ষের এক মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা সম্ভব হয়নি। ফলে বই ছাড়া পাঠদান ব্যাহত হচ্ছে। নুরুল ইসলাম বলেন, ‘বই উত্তোলন করতে গিয়ে জানতে পারি শওকত আলী নামে একব্যক্তি আমাদের বিদ্যালয়ের ১৬০ সেট বই উত্তোলন করেছেন। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এক মাসেও বইগুলো ফেরত পাওয়া যায়নি।’শওকত আলী নিজেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করেছেন; বই উত্তোলনের কথাও স্বীকার করেছেন তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াছিন আলী বলেন, শওকত আলী ভুয়া প্রধান শিক্ষক সেজে উপজেলা শিক্ষা কার্যালয় থেকে ওই বিদ্যালয়ের নামে বরাদ্দ করা বই উত্তোলন করেছেন।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোজামেঞ্চল হক জানান, একজন আওয়ামী লীগের নেতা সুপারিশ করায় শওকত আলীকে বই দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা হরি শংকর সরকার বলেন, বইগুলো উদ্ধার করে শিক্ষার্থীদের মধ্যে শিগগির বিতরণের জন্য মোজামেঞ্চল হককে নির্দেশ দেওয়া হয়েছে।