কদমতলীতে উড়ালসেতুর নির্মাণকাজের উদ্বোধন
চট্টগ্রামের কদমতলী এলাকায় আরেকটি উড়ালসেতুর কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এই কাজের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই প্রকল্প বাস্তবায়ন করছে। সিডিএ সূত্র জানায়, উড়ালসেতুটির দৈর্ঘ্য ৯৪০ মিটার ও প্রস্থ ১৫ মিটার। চার লেনের এই সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৯৭ লাখ টাকা। কর্মকর্তারা জানান, যানজট ও শব্দদূষণ কমিয়ে আনা, ট্রাফিকব্যবস্থার উন্নয়ন এবং দেওয়ানহাট সেতুর বিকল্প হিসেবে কদমতলী উড়ালসেতুর প্রকল্প হাতে নেওয়া হয়। কারণ মেয়াদোত্তীর্ণ দেওয়ানহাট সেতুটি যেকোনো সময় ধসে পড়তে পারে। নতুন উড়ালসেতু পুরোনো রেলস্টেশনের প্রান্ত থেকে শুরু হয়ে কদমতলী রেলক্রসিং পার হয়ে ধনিয়ালাপাড়া গিয়ে শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফছারুল আমীন বলেছেন, আগামী প্রজন্মের জন্য, চট্টগ্রামবাসীর জন্য সুন্দর নগর উপহার দিতে কদমতলীতে উড়াল-সেতুর কাজ শুরু করা হচ্ছে। এটি নির্মিত হলে এলাকা যানজটমুক্ত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি। সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চউকের বোর্ড সদস্য ও ওয়াসার চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ, মফিজুর রহমান প্রমুখ।