কদমতলীতে এক নারীকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর কদমতলীতে এক নারীকে কথিত প্রেমিক ও প্রেমিকের দুই বন্ধু ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তিনি ঘটনা জানাতে কদমতলী থানায় গিয়ে হেনস্তা হওয়ার অভিযোগ করেছেন।
পুলিশ অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর কথিত প্রেমিক আবদুর রহিম ও তাঁর দুই বন্ধুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে পর পর কয়েকটি ধর্ষণের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। এগুলোর রেশ কাটতে না কাটতে আরেকজন নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠল।
ওসিসিতে ভর্তি থাকা ওই নারী গতকাল জানান, এক বছর ধরে আবদুর রহিমের সঙ্গে মুঠোফোনে তাঁর প্রেমের সম্পর্ক। তিনি পরিবারের সঙ্গে চাঁদপুরে থাকেন। রহিম কদমতলীর স্মৃতিধারা আবাসিক এলাকায় ভাড়া থাকেন। রহিমের কাছ থেকে বিয়ের আশ্বাস পেয়ে ২১ হাজার টাকা নিয়ে গত শনিবার সকালে তিনি ঢাকায় আসেন। রহিম তাঁকে নিজের ভাড়া বাসায় নিয়ে যান। বিয়ের প্রলোভন দেখিয়ে শনিবার গভীর রাতে রহিম তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে রহিমের বন্ধু লিটন ও শহীদুলও তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁরা তাঁকে ঘুমের ওষুধ মিশিয়ে পানীয় পান করালে তিনি ঘুমিয়ে পড়েন। গতকাল দুপুরের দিকে ঘুম ভাঙলে তিনি বাসায় রহিমকে না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান।
ওই নারীর অভিযোগ, স্থানীয় লোকজনের সহায়তায় তিনি কদমতলী থানায় গিয়েছিলেন পুলিশের কাছে অভিযোগ দিতে। কিন্তু থানার পুলিশ উল্টো তাঁকে নানাভাবে হেনস্তা করে। একপর্যায়ে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনারকে বিষয়টি জানানো হয়।
তবে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান হেনস্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই নারীর বক্তব্য শুনে তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলেও গিয়েছে।’
পুলিশ জানায়, কয়েক বছর আগে ওই নারীর স্বামী মারা গেলে পূর্বপরিচিত রহিমের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রহিমের বাড়িও চাঁদপুরে।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মুসতাক আহমেদ জানান, অভিযোগ পেয়ে ওই নারীকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। আজ সোমবার তাঁর প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হবে। তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে ব্যবস্থা নেওয়া হবে।