কদমতলীতে কারখানা বন্ধ করায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী শিল্পাঞ্চল এলাকার একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করার পর সেখানকার শ্রমিকেরা গতকাল বুধবার বিক্ষোভ করেছেন। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, এবিসি গার্মেন্টস নামের পোশাক কারখানার শ্রমিকেরা কয়েক দিন ধরে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে গত সোমবার মালিকপক্ষের সঙ্গে তাঁদের বৈঠক হয়। বৈঠকে শ্রমিকেরা জনপ্রতি দুই হাজার টাকা বেতন বাড়ানোর দাবি তোলেন। কিন্তু মালিকপক্ষ চলতি বেতনকাঠামোর বাইরে গিয়ে বেতন দিতে অস্বীকৃতি জানায়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এমন পরিস্থিতিতে মালিকপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কাজে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর দুইটা পর্যন্ত তাঁরা কারখানার সামনে বিক্ষোভ করেন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।