কদমতলীতে ক্রেনসহ যন্ত্রপাতি আটক, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কদমতলী থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত একটি ক্রেন, তেলের ড্রাম, বিভিন্ন যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী জব্দ করেন।এ ছাড়া, পাইওনিয়ার ডেভেলপার কোম্পানি নামের এক নির্মাণপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী হাকিম মোহাম্মদ আশরাফুল আমিন আদালতের নেতৃত্ব দেন।জানা যায়, কদমতলী মোড় থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত ১২০ ফুট প্রশস্থ সড়কটির উভয় পাশে বেশির ভাগ জায়গাই দীর্ঘদিন ধরে স্থানীয় মোটরগাড়ির দোকানদারেরা অবৈধভাবে দখল করে রেখেছেন। কেউ কেউ সড়কের ওপর কারখানা বসিয়ে গাড়ি মেরামত করেন। স্থানীয় পাঠানটুলী সড়ক সম্প্রসারণ প্রকল্পের পরিচালক সিডিএর প্রকৌশলী মোহাম্মদ হাসান বলেন, এসব অবৈধ দখলদারকে সরে যাওয়ার জন্য ইতিপূর্বে সিডিএর পক্ষ থেকে একাধিকবার মাইকে অনুরোধ জানানো হয়। কিন্তু তাতে কোনো ফল হয়নি।সিডিএর নির্বাহী হাকিম প্রথম আলোকে বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলাকালে স্থানীয় লোকজন স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানায়। চট্টগ্রামের মানুষের চলাফেরা আরও সহজ করা, যানজট দূর করা এবং ফুটপাতগুলো অবৈধ দখলদারমুক্ত করতে শিগগির আরও অভিযান চালানো হবে বলে জানান তিনি।