কদমতলীতে চারতলা ভবন হেলে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী থানা এলাকার মোহাম্মদবাগে আজ বেলা পৌনে দুইটার দিকে হেলে চারতলা একটি ভবন পাশের ছয়তলা ভবনের ওপর পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নেন। ছবি: প্রথম আলো
রাজধানীর কদমতলী থানা এলাকার মোহাম্মদবাগে আজ বেলা পৌনে দুইটার দিকে হেলে চারতলা একটি ভবন পাশের ছয়তলা ভবনের ওপর পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নেন। ছবি: প্রথম আলো

রাজধানীর কদমতলী থানা এলাকার মোহাম্মদবাগে আজ মঙ্গলবার একটি চারতলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়।
ফায়ার সার্ভিসের পরিদর্শক পলাশ চন্দ্র মোদক প্রথম আলোকে বলেন, ওই এলাকার ১২০২ নম্বর কলেজ রোডে আজ বেলা পৌনে দুইটার দিকে চারতলা একটি ভবন পাশের ছয়তলা ভবনের দিকে হেলে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হেলে পড়া ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়। ভবনটি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভবনটি হেলে পড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে থাকা রাজউকের জোন-৮ এর অথরাইজড অফিসার আশীষ কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘দুটি ভবনের একটি আরেকটির গায়ে লেগে আছে। ঠিক কী কারণে ভবনটি হেলে পড়েছে কিংবা আগে থেকেই হেলে ছিল কী না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ভবনের বাসিন্দাদের কেউ বলছেন ভবনটি আগে থেকেই খানিকটা হেলে ছিল। আবার কেউ বলছেন গত বুধবারের ভূমিকম্পের পরেই এ ঘটনা ঘটেছে।’
আশীষ কুমার জানান, দুটি ভবনই বেশ পুরোনো। দুই ভবন মালিকের কেউই রাজউক অনুমোদিত নকশা দেখাতে পারেননি। আগামীকাল বুধবার বুয়েটের বিশেষজ্ঞ দল এনে ভবন দুটি পরীক্ষা করার পর প্রকৃত কারণ জানা যাবে।