কদমতলীতে দুই শিশুসহ তিনজন মোগলটুলিতে দুই শ্রমিক দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলীতে গতকাল সোমবার সকালে গ্যাসলাইন লিকেজ থেকে ঘটা অগ্নিকাণ্ডে দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। তারা হলো মুরসালিন সরকার (৫০), শাওন হোসেন (৯) ও মো. হাসান (৯)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পৃথক ঘটনায় পুরান ঢাকার মোগলটুলিতে ব্যাগ কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়েছে।
কদমতলী থানার সহকারী উপপরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, মুরাদপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশের একটি দ্বিতল বাড়ির সিঁড়িঘরে দুর্ঘটনাটি ঘটে। এই বাড়ির মালিক মুরসালিন। দুর্ঘটনার সময় মুরসালিন বাড়ির পানির পাম্প চালু করতে গিয়েছিলেন। তিনি বলেন, পানির পাম্পের বৈদ্যুতিক সুইচটির তিন-চার হাত দূরে ওই বাড়ির গ্যাস-সংযোগের রাইজার। রাইজারে লিকেজ থাকায় সিঁড়ির নিচে গ্যাস জমে ছিল। সকাল সড়ে নয়টার দিকে মুরসালিন পাম্পের সুইচে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। এ সময় মুরসালিনের সঙ্গে থাকা দুই শিশুও দগ্ধ হয়।
স্থানীয় লোকজন বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।
গতকাল বার্ন ইউনিটে গিয়ে তিনজনকেই যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে। বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, আগুনে তিনজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখমণ্ডলসহ মুরসালিনের শরীরের ২৮, শাওনের ২২ ও হাসানের ১৮ শতাংশ পুড়ে গেছে।
বার্ন ইউনিটের পর্যবেক্ষণকক্ষে ছেলের পাশে বসে কাঁদছিলেন শাওনের মা হাজেরা বেগম। প্রথম আলোকে তিনি বলেন, মুরসালিনের বাড়ির পাশেই তাঁরা থাকেন। কীভাবে কী হয়েছে, তিনি কিছুই জানেন না। ছেলে দগ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে এসেছেন।
শাওন মুরাদপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। চার ভাইয়ের মধ্যে শাওন তৃতীয়।
শাওনের পাশের বেডে চিকিৎসা নিচ্ছে হাসান। হাসান স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। হাসানের মা নাসরিন বলেন, হাসান ও শাওন বন্ধু। তারা পাশাপাশি বাড়িতে থাকে। স্থানীয় মুরসালিনকে তারা নানা বলে ডাকে। মুরসালিনও এই দুই শিশুকে স্নেহ করেন। তাই দুজনই মুরসালিনের সঙ্গে সময় কাটায়। মাঝেমধ্যে মুরসালিনের ছোটখাটো কাজও করে দেয়। গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে তাঁরা সবাই দগ্ধ হয়েছে। দুই ভাই এক বোনের মধ্যে হাসান সবার ছোট। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরায়।
ব্যাগের কারখানায় দগ্ধ ২
এদিকে গতকাল বিকেলে পুরান ঢাকার মোগলটুলি এলাকায় একটি ব্যাগের কারখানায় অগ্নিকাণ্ডে কারখানার মালিক মো. মাহবুব (৩২) ও কর্মচারী নাঈম (১৫) দগ্ধ হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহবুবের শরীরের বিভিন্ন অংশ ও নাঈমের মুখমণ্ডলসহ দুই হাত পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পাঁচতলা ভবনের নিচতলায় হারুন ট্রেডার্স নামের কারখানায় আগুন লাগে। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।