কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী এলাকায় গতকাল মঙ্গলবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী আকবর (৩৫) ও মো. মনির (৩০) নামে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। আহত শ্রমিক হারুন সাংবাদিকদের বলেন, তাঁরা শ্যামপুর আলী বহর এলাকার একটি প্লাস্টিক কারখানার কর্মচারী। রাত ১০টার দিকে ঢাকার বাইরে থেকে ট্রাকে করে প্রয়োজনীয় কয়েকটি লোহার পাইপ ওই কারখানায় আনা হয়। সাতজন শ্রমিক ট্রাক থেকে পাইপ নামাচ্ছিলেন। এ সময় ওপরে বিদ্যুতের তারের সঙ্গে পাইপের সংস্পর্শ হলে তাঁরা সাতজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের মধ্যে আলী আকবর ও মনিরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। রাত ১২টার দিকে যোগাযোগ করা হলে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা তিনি শোনেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।