কদমতলীতে শিশু হত্যায় জড়িত সন্দেহে দুজন আটক
শ্যামপুর শিল্প এলাকায় সাত বছর বয়সী শিশু আবদুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুই যুবককে আটক করেছে।
নিহত শিশুর স্বজনেরা অভিযোগ করেছেন, পূর্বশত্রুতা ও ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী হানিফের যোগসাজশে ভারী বস্তুর আঘাতে আবদুল্লাহকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কদমতলী থানার পুলিশ জানায়, গত বুধবার রাতে শিশুটির বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এতে কদমতলীর আলীবহর এলাকার বাসিন্দা হানিফকে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।
শ্যামপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হানিফ পালিয়ে গেছেন। এ ঘটনায় আটক সুমন ও জমশেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
গতকাল বুধবার দুপুরে শ্যামপুর শিল্প এলাকায় বন্ধ হয়ে যাওয়া উজালা ম্যাচ কারখানার পেছনের ডোবা থেকে শিশু আবদুল্লাহর লাশ উদ্ধার করা হয়। ভারী বস্তুর আঘাতে তার কপাল ও চোখ থেঁতলানো ছিল।
আবদুল্লাহর বাবা স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের গাড়িচালক এবং মা আয়েশা বেগম স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চাকরি করেন। দুই ভাইয়ের মধ্যে আবদুল্লাহ বড় ছিল।