কদমতলীতে শিশুসহ গৃহবধূ হত্যার তিন আসামি গ্রেপ্তার
রাজধানীর কদমতলী থানায় শিশুকন্যাসহ গৃহবধূ খুনের ঘটনার প্রধান তিন আসামিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছে, নিহত ইয়াসমিন আলমের সৎ ছেলে নূরুল আলম ওরফে ড্যানি বাবু এবং তার দুই বন্ধু মিরাজ মোল্লা ও আল-আমিন। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শুক্রবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা উপকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মামলাটি তদন্ত করে। মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানায়, ঘটনার দিন গভীর রাতে তিনজন বাবুর সৎমা ইয়াসমিনের কক্ষে ঢোকে। তারা ইয়াসমিনের মুখ চেপে ধরে তাকে বেঁধে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে ইয়াসমিন অচেতন হয়ে পড়লে মিরাজ ও আল-আমিন তার ওপর পাশবিক নির্যাতন চালায়।পুলিশ কর্মকর্তা জানান, ইয়াসমিন নিস্তেজ হয়ে পড়লে আসামিরা তাঁর কোমর থেকে আলমারির চাবি নিয়ে টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বাবুর বন্ধু মিরাজ বাসশ্রমিক ও আল-আমিন সিএনজিচালক।আসামিদের সাংবাদিকদের সামনে হাজির করা হলে খুনের ঘটনা বর্ণনা দেয় ড্যানি বাবু। সে জানায়, সৎমা তার সঙ্গে ভালো আচরণ করতেন না। সৎমায়ের আচরণ সম্পর্কে সে তার ছোটবেলার বন্ধু মিরাজ ও আল-আমিনকে জানিয়ে তাঁকে ‘ভয় দেখাতে’ বলে। বাবু ঘটনার রাতে তাদের তিনজনের সৎমায়ের ঘরে ঢোকার বিবরণ দিয়ে বলে, হাত-পা বাঁধার সময় ইয়াসমিন লাথি মারলে সে তার ঘরে চলে যায়। এরপর সে অনেক ধস্তাধস্তির আওয়াজ পেয়েছে।আল-আমিন জানায়, চলে যাওয়ার সময় শিশু তানহা ঘুম থেকে জেগে চেঁচিয়ে উঠলে তার মুখ চেপে ধরা হয়। ডিবি কর্মকর্তা বলেন, তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে। ৭ মে কদমতলী পলাশপুরের নিজ বাড়িতে ইয়াসমিন ও তাঁর শিশুকন্যা তানহাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ইয়াসমিনের ভাই মনির হোসেন বাদী হয়ে ড্যানি বাবু, তার মা, মামা এবং আরও কয়েকজনকে আসামি করে কদমতলী থানায় মামলা করেন।