কদমতলীতে সুমন হত্যার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি
রাজধানীর কদমতলী থানার নূরপুরে মোহাম্মদ সুমন (২৬) হত্যার ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ গত বৃহস্পতিবার সকালে নূরপুরের নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সুমনের বাসা পলাশপুরের গ্যাস রোডে।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান বলেন, নিহত সুমন তালিকাভুক্ত সন্ত্রাসী। শনির আখড়ায় গ্রামীণফোনের এক পরিবেশকের এক লাখ ৪৮ হাজার টাকা ছিনতাইয়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ ছাড়া তাঁর নামে ডেমরা থানায় হত্যা মামলা রয়েছে।ওসি জানান, সুমন হত্যার ঘটনায় তাঁর ভাই মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। হত্যার কারণ উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তাঁরা চেষ্টা করছেন।সুমনের ভাই মোশাররফ জানান, বুধবার রাত আটটার দিকে ফোন পেয়ে সুমন বাসা থেকে বের হন। অনেক রাতেও বাসায় না ফেরায় তাঁকে বিভিন্ন স্থানে খোঁজা হয়। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি নূরপুরে গিয়ে লাশ শনাক্ত করেন।