
নির্মাণত্রুটির কারণেই রাজধানীর কদমতলীতে চারতলা ভবনটি হেলে পড়েছে। সেই সঙ্গে পাশের যে ছয়তলা ভবনের ওপর এটি হেলে পড়েছে, সেটাতেও নির্মাণত্রুটি রয়েছে বলে মন্তব্য করেছেন রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা। বাসিন্দাদের সরিয়ে রাজউক ভবন দুটি সিলগালা করে দিয়েছে।
ভবন দুটির বাসিন্দাদের ভাষ্য, ১৩ এপ্রিল ভূমিকম্পের আগে দুটি ভবনের মাঝে এক হাতের মতো ফাঁকা ছিল। কিন্তু ভূমিকম্পের পর থেকে একটু একটু করে চারতলা ভবনটি ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। কদমতলীর মোহাম্মদবাগ কলেজ রোডে ভবনটি হেলে পড়ার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সহযোগিতায় তাঁরা ভবন দুটির বাসিন্দাদের নিরাপদে বের করে আনেন। পুলিশ বাসিন্দাদের বুধবার সকাল ১০টার মধ্যে বাড়ি ছাড়তে বলে। বিষয়টি সিটি করপোরেশন ও রাজউককেও জানানো হয়।
বাসিন্দারা গতকাল বুধবার সকালে ভবন থেকে সরে না যাওয়ায় রাজউকের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে এসে বাসিন্দাদের সরিয়ে দিয়ে ভবন সিলগালা করে দেয়। জোন-৮-এর অথরাইজড অফিসার আশীষ কুমার প্রথম আলোকে বলেন, ‘দুটি ভবনেরই ভেতরের ও বাইরের অবস্থা পর্যবেক্ষণ করে মনে হচ্ছে, দুটিতেই নির্মাণত্রুটি রয়েছে। ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করা দূরে থাক, চারতলা ভবনটির মালিক এখন পর্যন্ত আমাদের কোনো নকশা দেখাতে পারেননি। ছয়তলা ভবনটির মালিক যে নকশা দেখিয়েছেন, তাতে ইউনিয়ন পরিষদের সিল-স্বাক্ষর দেওয়া। সেখানে কোনো তারিখও নেই।’ ভবনের কাঠামোগত নকশা (স্ট্রাকচারাল ডিজাইন) কিংবা নির্মাণসংক্রান্ত কোনো কাগজ পাওয়া গেলে ঝুঁকির মাত্রা কতখানি, তা কিছুটা হলেও আঁচ করা সম্ভব হতো বলে মন্তব্য করেন তিনি।
সরেজমিনে দেখা যায়, ভবন দুটির বাসিন্দারা তাঁদের মালামাল সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। তাঁরা জানান, তাঁরা সকাল সকাল বেরিয়ে যেতে চাইলেও দুই বাড়িওয়ালা তাঁদের এ ব্যাপারে নিরুৎসাহিত করেন বলে তাঁরা যাচ্ছিলেন না।
আশীষ কুমার বলেন, ‘ভবন দুটি হয়তো এখনই ভেঙে পড়ার মতো অবস্থায় নেই। তবে এ ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চাই না। ভবন মালিকদের বলা হয়েছে বুয়েটের বিশেষজ্ঞ দলের প্রতিবেদন পাওয়ার আগে এখানে বসবাস করার কোনো সুযোগ নেই। তাই আমরা ভবন দুটি সিলগালা করে দিচ্ছি। কেউ একদিনে সব মালামাল বের করতে না পারলে পরে তাঁদের সুযোগ করে দেওয়া হবে।’
পুলিশের উপস্থিতিতে ভবন দুটি থেকে যখন সেখানকার বাসিন্দারা মালামাল সরিয়ে নিচ্ছিলেন, তখন ভবন মালিকদের কাউকে সেখানে দেখা যায়নি। রাজউক কর্মকর্তাদের ফোনও ধরছিলেন না কেউ।
তবে সন্ধ্যায় চারতলা ভবনটির মালিক আবদুল রহিম মুঠোফোনে প্রথম আলোকে জানান, ভবন দুটি পরীক্ষা করার জন্য তাঁরা বুয়েটে যোগাযোগ করেছেন। আগামী রোববার তাঁদের দেখা করতে বলা হয়েছে।
ভবনের নকশা প্রসঙ্গে জানতে চাইলে আবদুল রহিম বলেন, ‘অনেক পুরোনো কাগজ তো। খুঁজে পাচ্ছি না।’ ছয়তলা ভবনের মালিক মো.আমির হোসেনকে বাড়িতেও পাওয়া যায়নি। তিনি ফোনও ধরেননি।