কদর কাড়ছে বাংলাদেশের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা বইমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে তৈরি বাংলাদেশ প্যাভিলিয়নে বইপ্রেমীদের ভিড় । প্রথম আলো
কলকাতা বইমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে তৈরি বাংলাদেশ প্যাভিলিয়নে বইপ্রেমীদের ভিড় । প্রথম আলো

কলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়নে এবার উপচে পড়া ভিড়। সাড়ে তিন হাজার বর্গফুট জায়গা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে তৈরি করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এখানে ঠাঁই পেয়েছে বাংলাদেশের ৩১টি প্রকাশনা সংস্থা। এর মধ্যে সাতটি সরকারি। বইমেলা শুরু হয়েছে গত ২৮ জানুয়ারি থেকে; চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩৮তম এই আন্তর্জাতিক বইমেলায় বইপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। কলকাতার বইপ্রেমীরা লাইন দিয়ে ঢুকছেন। কিনছেন তাঁদের পছন্দের বই। বাংলা একাডেমির ভাষাসংক্রান্ত নানা ধরনের বই, নজরুল ইনস্টিটিউটের বইসহ কম্পিউটার-বিষয়ক বিভিন্ন বাংলা বই এবার চাহিদার শীর্ষে। প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের উপন্যাসও বেশ বিক্রি হচ্ছে।
এবারের বইমেলায় বাংলাদেশসহ ২৯টি দেশ অংশ নিয়েছে। স্টল হয়েছে ৮০০টি। কলকাতা বইমেলায় আগামীকাল ৫ ফেব্রুয়ারি পালিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষে এদিন বিকেলে মিলনমেলা ময়দানের এসবিআই মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘সভ্যতার জন্য গ্রন্থ, গ্রন্থের জন্য সভ্যতা’ শীষর্ক এক আলোচনা সভার। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মূল প্রবন্ধ পড়বেন বাংলাদেশের শিক্ষাসচিব কবি কামাল আবদুল নাসের চৌধুরী। আলোচনা করবেন সংস্কৃতিসচিব রঞ্জিত কুমার বিশ্বাস, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি রশিদ হায়দার, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা, কবি নির্মলেন্দু গুণ, বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনিসহ বিশিষ্টজনেরা। আলোচনা শেষে গান গাইবেন বাংলাদেশের শিল্পীরা।