কদর বাড়ছে খলিফাপট্টির
চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ খলিফাপট্টি। সেখানকার অলিগলিতে এখন শুধু সেলাই মেশিনের আওয়াজ। ঈদ আসছে। তাই ক্রেতার হাতে পছন্দের পোশাক পৌঁছে দিতে অবিরাম কাজ করে যাচ্ছেন খলিফাপট্টির দরজিরা।
তুলনামূলকভাবে কম দাম হওয়ায় ও পোশাকে বৈচিত্র্য থাকায় দেশের বিভিন্ন এলাকায় কদর বাড়ছে এখানকার পোশাকের।
ক্রমেই পোশাকের অন্যতম জনপ্রিয় পাইকারি বাজারে পরিণত হচ্ছে খলিফাপট্টি। প্রধানত শিশু ও মেয়েদের পোশাক তৈরি করা হয় এখানে। কিছু কিছু কারখানায় পুরুষের প্যান্টও তৈরি হয়। নিম্নবিত্তের হকার্স মার্কেট থেকে শুরু করে অনেক শীতাতপনিয়ন্ত্রিত মার্কেটেও শোভা পায় এখানকার পোশাক।
খলিফাপট্টিতে গিয়ে দেখা যায়, ঈদ সামনে রেখে রংবেরঙের নানা পোশাকের পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। তাঁদের প্রায় সবারই কারখানা দোকানসংলগ্ন। ছোট মাঝারি কক্ষের এসব কারখানায় শ্রমিকদের কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার অনেকে পোশাকে জরি, চুমকি ও লেইস বসানোর কাজ করছেন। দোকানভেদে গড়ে ছয় থেকে ১২ জন শ্রমিক কাজ করেন কারখানাগুলোতে।
ঈদের সময় খলিফাপট্টির পোশাক সবচেয়ে বেশি বিক্রি হয়। এই মৌসুমে কত টাকার ব্যবসা হয়, তার সুনির্দিষ্ট হিসাব নেই। তবে একটা আনুমানিক হিসাব দিলেন খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তাঁর হিসাবে এই মৌসুমে এক শ কোটি টাকার ওপরে ব্যবসা হয় খলিফাপট্টিতে।
বণিক কল্যাণ সমিতির হিসেবে, খলিফাপট্টিতে পাঁচ শতাধিক দোকান রয়েছে। ১১টি বহুতল ভবনে পাইকারি পোশাকের এসব দোকান ও কারখানা রয়েছে।
খলিফাপট্টির ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, পুরো চট্টগ্রাম বিভাগেই এ পট্টির পোশাকের দারুণ কদর। এর বাইরে উত্তরবঙ্গের কিছু জেলা ও সিলেট থেকেও ব্যবসায়ীরা এসে পোশাক নিয়ে যান। খুচরা পোশাক বিক্রি করেন না তাঁরা। তবে একই নকশার ন্যূনতম ছয়টা পোশাকের ক্রেতা পেলে কাউকে বিমুখ করেন না দোকানিরা।
রাকিব ফ্যাশনের স্বত্বাধিকারী মো. আবদুল গফুর বলেন, ‘মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষই এসব পোশাকের ক্রেতা। ঢাকার তুলনায় চট্টগ্রামে তুলনামূলক কম দামে এসব পোশাক তৈরি হয়। ব্যবসায়ীদেরও অতি লাভ করার মানসিকতা নেই।’
ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে প্রায় তিন শ ডিজাইনের পোশাক তৈরি হয়েছে কারখানাগুলোতে।
একটি কারখানায় কাজ করছিলেন সাইফুল ইসলাম নামের একজন শ্রমিক। তিনি জানালেন, পবিত্র রমজান মাস শুরুর দেড় মাস আগে থেকেই পোশাক তৈরি শুরু করেছেন তাঁরা।
ব্যবসায়ীরা জানান, রমজান মাসের প্রথম ১০ দিনেই এখানে মূল বেচাবিক্রি হয়। তবে এবার বৃষ্টির কারণে এখনো বাজার জমে ওঠেনি। আগামী কয়েক দিনের মধ্যেই দেশের নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা এই খলিফাপট্টির পোশাক কিনে নিয়ে বিভিন্ন মার্কেটে ছড়িয়ে দেবেন বলে আশায় রয়েছেন খলিফাপট্টির ব্যবসায়ীরা।