কদর বেড়েছে কৃষিশ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো মৌসুমে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কদর বেড়েছে কৃষিশ্রমিকদের। ধানের চারা রোপণ করার কাজের জন্য গৃহস্থ কৃষকেরা তাঁদের নিয়ে যাচ্ছেন। এতে তাঁদের আয় বেড়েছে। প্রতিদিন একজন কৃষিশ্রমিক ৫০০ থেকে ৫৪০ টাকা আয় করছেন।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ধানগড়া বাজারে গিয়ে দেখা যায়, দিনমজুরি করতে প্রায় ৩০০ শ্রমিক এসেছেন। তাঁদের নিতে এসেছেন কৃষকেরা। দরদাম ঠিক করে কেউ শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনে, কেউ বা সাইকেলে চেপে যাচ্ছেন কাজ করতে।
কৃষিশ্রমিকেরা জানান, আগে কৃষিশ্রমিক চুক্তিভিত্তিক দিনব্যাপী (সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত) কাজ করতেন। এখন তাঁরা নতুন নিয়মে কাজ করছেন। এ নিয়মে দিনে তাঁরা দুই পালায় কাজ করছেন এবং দ্বিগুণ মজুরি পাচ্ছেন। প্রথম পালায় সকাল সাতটা থেকে বেলা একটা এবং দ্বিতীয় পালায় বেলা একটা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। কম সময়ে বেশি কাজ করতে হয় বলে শ্রমিকেরা মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করছেন। এতে জমির মালিকদের যেমন লাভ হচ্ছে, তেমনি কৃষিশ্রমিকদের আয় ভালো হচ্ছে।
উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, বোরো ধানের চারা রোপণের এ সময়টিতে কামলার (কৃষিশ্রমিক) দাম বেড়েছে। দুপুরে খাওয়াসহ ২০০ টাকার কামলা এখন ২৫০-২৭০ টাকায় নিতে হচ্ছে।
রণতিথা এলাকার কৃষক আবদুল হালিম মুন্সি বলেন, ২৭০ টাকার বিনিময়ে প্রতিজন ১০ শতক জমিতে চারা লাগিয়ে চলে যান। বেলা একটার মধ্যেই এ কাজ শেষ করে আবার অন্য কোথাও তাঁরা কাজ করেন। এতে এক দিনে দুই কামলার টাকা রোজগার করছেন তাঁরা।
ছেলোমগাঁতী গ্রামের ফজল শেখ জানান, এ সময়ে টাকা বেশি রোজগার না করলে হবে না। তাই দিনে দুইবার কামলা দিচ্ছেন তিনি।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বোরো চারা জমিতে লাগানোর উপযুক্ত সময়। এ জন্য কৃষক নির্ধারিত সময়ে চারা লাগাতে ব্যস্ত হয়ে পড়েন। এ জন্য কৃষি মজুরদের কদর বেড়েছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় চলতি মৌসুমে ২১ হাজার ৯৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।