চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জামে মসজিদের সামনের সড়কে ঝাড়ুর স্তূপের মধ্যে বসে আছেন মো. আসলাম। বৈশাখের খরতাপে শরীর ক্লান্ত। তবু থেমে নেই তাঁর হাঁকডাক, ‘ঝাড়ু নেন ঝাড়ু নেন, জোড়া ১০০ টাকা। পাহাড়ের ঝাড়ু।’ তাঁর ডাক শুনে ভিড় জমিয়েছেন অনেক ক্রেতা। তাঁদের কেউ কিনছেন, কেউবা দরদাম করে চলে যাচ্ছেন।
বৈশাখী মেলায় ১৫ বছর ধরে একই জায়গায় বসে ঝাড়ু বিক্রি করছেন নোয়াখালীর বাসিন্দা আসলাম। তাঁর ভাষায়, ‘বড়লোক হোক আর গরিব হোক, ঝাড়ু লাগবেই। ঝাড়ুর কদর কখনো কমে না!’ আসলামের কথার প্রমাণ পাওয়া গেল কিছুক্ষণের মধ্যেই। মধ্যবয়সী এক গৃহিণী দরদাম করে কিনলেন ছয়টি ঝাড়ু। রোকসানা আক্তার নামের ওই গৃহিণী বলেন, ‘প্রতিবছর আমি এই মেলা থেকে ঝাড়ু কিনি। এক বছরের ঝাড়ু কিনে নিয়ে যাই।’
শুধু আসলাম নন, আন্দরকিল্লাহ থেকে বকশির হাট পুলিশ বিট পর্যন্ত রাস্তার দুপাশে সারি সারি ঝাড়ুর দোকান। বিক্রেতাদের কেউ বাঁশখালী, কেউবা এসেছেন রাঙামাটি থেকে। মো. সেলিম নামে এক ঝাড়ু বিক্রেতা জানান, ‘তিন পার্বত্য জেলা থেকে ঝাড়ুর ফুলগুলো আসে। এরপর জেলা ও নগরের বিভিন্ন স্থানে এসব ঝাড়ু বেত দিয়ে বাঁধা হয়।’
ঝাড়ুর মতো হাতপাখারও বেশ কদর। তীব্র দাবদাহ আর লোডশেডিংয়ের কারণে পাখা ক্রেতার সংখ্যাও প্রচুর। বেশি চাহিদা চন্দনাইশের হাতপাখার। মেলায় শতাধিক হাতপাখার দোকান রয়েছে। এ ছাড়া ফেরি করেও বিক্রি করছেন অনেকে।
চন্দনাইশ থেকে আসা মো. শাহজাহান নামে এক বিক্রেতা জানান, কেবল জব্বারের বলীখেলাকে কেন্দ্র করে চন্দাইশের বিভিন্ন গ্রামে প্রায় সাত আট মাস আগে থেকে হাতপাখা বানানো শুরু হয়। পুরুষের পাশাপাশি নারীরাও হাতপাখা তৈরির কাজ করেন। কেউ ৫০০, কেউ ১ হাজার, কেউবা আরও বেশি হাতপাখা নিয়ে জব্বারের বলীখেলায় হাজির হন।
প্রতি জোড়া হাতপাখার দাম হাঁকা হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা। হাতপাখার বাতাস কেমন তা পরখ করে নিচ্ছেন ক্রেতারা। সিদ্দিক নামে এক ব্যক্তি ৩০০ টাকা দিয়ে একজোড়া পাখা কিনেছেন। চকবাজার এলাকার এই বাসিন্দা বলেন, ‘বিদ্যুৎ ঠিকমতো থাকে না। পাখা ছাড়া উপায় নেই।’
ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা উপলক্ষে গতকাল রোববার থেকে বৈশাখী মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও তিন দিন আগে থেকেই বিক্রেতারা বিভিন্ন পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছেন। লালদীঘি মাঠ ছাপিয়ে তার চারপাশ, আন্দরকিল্লা, কোতোয়ালি, আছদগঞ্জের আনসার ক্লাব, নন্দনকাননের বোস ব্রাদার্স মোড়সহ প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে মূল সড়ক ও ফুটপাতে বসেছে এই মেলা। এসব এলাকার সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। দা, ছুরি, বঁটি থেকে শুরু করে শীতলপাটি, হাতপাখা, রান্নার সামগ্রী, আসবাবপত্র, মাটির কলসি, গৃহসজ্জার সামগ্রী, খেলনা, গাছের চারা—কী নেই মেলায়।
গতকাল থেকে মেলা শুরু হলেও আজ সোমবার অনুষ্ঠিত হবে মেলার মূল আকর্ষণ বলীখেলা। ১৯০৯ সালে স্থানীয় ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণদের অনুপ্রাণিত করতে বলীখেলার প্রচলন করেন। এরপর থেকে তাঁর নামে প্রতিবছর এই আয়োজন হয়ে আসছে।
গরমে স্বস্তির জন্য মিলছে শীতলপাটিও। প্রতিবছর এই মেলায় সিলেট থেকে অনেকে পাটি নিয়ে আসেন। আবার স্থানীয় অনেক ব্যবসায়ীও সিলেট থেকে শীতলপাটি কিনে এনে মেলায় বিক্রি করেন। আকার অনুযায়ী এক একটি পাটি বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে তিন হাজার টাকায়।
বিভিন্ন গাছের চারার দোকানেও গতকাল ভিড় ছিল। ঘরের ছাদ কিংবা ব্যালকনির টবে লাগানোর জন্য অনেকে ফুল ও ফলের চারা কিনতে মেলায় হাজির হন। গৃহসজ্জার মৃৎশিল্পের বিভিন্ন সামগ্রীর দোকানেও বেশ ভিড় ছিল। লালদীঘি পেট্রলপাম্প এলাকায় মৃৎশিল্পের বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছেন ঢাকার ব্যবসায়ী মো. ইমরান। তিনি বলেন, ‘বৈশাখের ১২ তারিখের আগেই জিনিসপত্র সংগ্রহ করি। এরপর ট্রাকে করে পণ্য নিয়ে চট্টগ্রামে চলে আসি।’
মেলায় শুধু নগরবাসী নয়, বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকেও ক্রেতারা ভিড় করছেন। বাঁশখালী থেকে মেলা দেখতে এসেছেন তসলিম ও তাঁর তিন বন্ধু। তসলিম বলেন, ‘আমরা দিনমজুর। প্রতিবছর মেলায় আসি। বলীখেলা দেখে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে চলে যাই। এবার আমার একটি কুড়াল কেনার ইচ্ছা রয়েছে।’