তিন বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন চক্ষুবিশেষজ্ঞ শাহজাহান আলী। এরপরই তিনি ছুটিতে যান। এক বছর পর ফিরে এসে এর দুই দিন পরই আবার ছুটির আবেদন না করেই তিনি কর্মস্থলে আসা বন্ধ করে দেন। ১৮ মাস পর ফিরে এসে তিনি এখন ছুটির অনুমোদনের চেষ্টা করছেন। এর মধ্যে এক দিনও তিনি রোগী দেখেননি।শাহজাহান আলী দাবি করেন, তিনি উচ্চতর ডিগ্রির জন্য দেশের বাইরে ছিলেন। উচ্চতর ডিগ্রির জন্য ছুটির অনুমোদন পাওয়ার পর ছুটি ভোগ করতে হয় কি না, জানতে চাইলে তিনি জানান, প্রয়োজনে আগেও ছুটি ভোগ করা যায়। তবে হাসপাতালের অন্য চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষাছুটি অনুমোদনের পর তা ভোগ করা যায়। কিন্তু ছুটি কাটিয়ে অনুমোদন করানোর কোনো নিয়ম নেই।হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেখানে চোখের চিকিৎসকের বসার জন্য কোনো কক্ষ বরাদ্দ দেওয়া হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক জানান, শাহজাহান আলী আসেন না, তাই কক্ষের প্রয়োজন হয়নি। তিনি এক দিনের জন্যও কোনো কক্ষে বসেননি। অন্য চিকিৎসকদের কক্ষেও তাঁকে কখনো বসতে দেখা যায়নি। হাসপাতালে আসা রোগীরা জানান, এখানে একজন চক্ষুবিশেষজ্ঞ আছেন, এটা তাঁরা কেউ জানেন না। চোখের সমস্যা নিয়ে যারা হাসপাতালে আসছে, তাদের ঝিনাইদহ চক্ষু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৪ অক্টোবর শাহজাহান আলী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট হিসেবে যোগদান করে ছুটিতে চলে যান। এক বছর পর ফিরে এসে দুই দিন ছুটিসংক্রান্ত বিষয়ে দাপ্তরিক কাজ করেন এবং বেতন নিয়ে তিনি ছুটির আবেদন না করে আবারও চলে যান। এবার ১৮ মাস পর ফিরে এসেছেন। এখন তিনি ছুটির অনুমোদন করানোর জন্য ঢাকায় অবস্থান করছেন। এ কথা স্বীকার করে শাহজাহান আলী জানান, এবার ঢাকা থেকে ফিরে গিয়ে তিনি রোগী দেখবেন।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন জানান, তিনি অল্প দিন হলো এই পদে দায়িত্ব নিয়েছেন। চিকিৎসক শাহজাহান আলী দীর্ঘদিন অনুপস্থিত থেকে কর্মস্থলে যোগদান করতে এসেছিলেন। শাহজাহান ছুটি অনুমোদনের কাগজ ছাড়া যোগদানপত্র গ্রহণ করেননি। তাই তিনি কোনো অনিয়ম সমর্থন করবেন না বলে উল্লেখ করেন।