কনক সরওয়ারের বোনের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় নুসরাত শাহরিনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। নুসরাত যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক কনক সরওয়ারের বোন। জামিন চেয়ে নুসরাতের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন।
ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে গত ২ নভেম্বর বিফল হন নুসরাত। এরপর পৃথক মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না এবং এ এম জামিউল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।
পরে আইনজীবী জামিউল হক প্রথম আলোকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুসরাতকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন। এ রুলের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি হবে।
গত বছরের ৪ অক্টোবর রাজধানীর উত্তরা এলাকা থেকে নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁর বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুসরাত শাহরিনকে তিন দিন ও মাদক মামলায় দুদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। রিমান্ড শেষে নুসরাতকে গত ১২ অক্টোবর কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।