কনকনে ঠান্ডায় কাতর মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চলের মানুষ। রাতে বৃষ্টির মতো শিশির ঝরছে। গরিব মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কোথাও কোথাও গতকাল শনিবারও সূর্যের দেখা মেলেনি। মানুষজন ছুটছে গরম কাপড়ের দোকানগুলোতে। শীতজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। বহু স্থানে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: রাজশাহীর বড়কুঠি ঘাট। নিচে নদী ঢেকে আছে কুয়াশায়। ঘাটে দাঁড়িয়ে কৃষক নাজমুল হক। নিচে কিছু দেখছেন না। চেঁচিয়ে বলছেন, ‘আলাদ্দির লা (নৌকা) কুনখান?’ নিচ থেকে কেউ কথা বলছেন না। রাজশাহীতে তখন সকাল ছয়টা। সে সময় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সূর্য ওঠেনি। এর তিন ঘণ্টা পর সকাল নয়টার দিকে কুয়াশা একটু ফিকে হলে দেখা গেল নৌকার গলুইয়ে ঠায় বসে কজন লোক। তাঁদের মুখ-মাথা চেনার উপায় নেই। গুটিসুটি হয়ে আছেন। নাজমুল জানান, চর মাঝারদিয়াড় থেকে টমেটো নিয়ে এসেছিলেন রাজশাহীতে। রাতে আড়তেই ছিলেন। সকালে উঠে বাড়ি যাওয়ার জন্য নৌকা পাচ্ছেন না। শীতে কুয়াশায় কারও নড়াচড়া নেই।
সিরাজগঞ্জ: গত তিন দিন সূর্যের দেখা মেলেনি। প্রচণ্ড কুয়াশার কারণে কোথাও কোথাও বৃষ্টির মতো শিশির ঝরছে। যে কারণে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল কমে গেছে। সব যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। গ্রামাঞ্চলে শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। মানুষজনকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। এ ছাড়া গত দুই দিনে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে দেড় শতাধিক রোগী চিকিত্সা নিয়েছেন বলে জানা গেছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গতকাল উপজেলার আদিবাসী অধ্যুষিত ধামাইনগর ও সোনাখাড়া ইউনিয়ন ঘুরে দেখা যায়, আদিবাসী পরিবারগুলো সাধারণত মাটির তৈরি ঘরে বসবাস করে। মাটির ঘরে শীতের তীব্রতা আরও বেশি। ধলজান গ্রামের সুনীল চন্দ্র মাহাতো জানান, প্রতি বছরই শীতে খুব কষ্ট করতে হয়। কেউ দয়া করে একটা শীতের কাপড় দিলে আরাম হতো। সূর্যমনি মাহাতো জানান, শীত যেন হাড়ে গিয়ে লাগে। গরম কাপড় পেলে খুব উপকার হতো।
লালপুর (নাটোর): উপজেলায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঊর্মি গ্রুপের সহায়তায় ও ইকো ট্রাভেলার্সের বাস্তবায়নে উপজেলার নবীনগর, শিবনগর, কাজীপাড়া, তিলকপুর, নূরুল্লাপুর ও লক্ষ্মীপুর গ্রামের ১৫৮ জন শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে কাজীপাড়া গ্রামের রজব মণ্ডল ও আনোয়ারা বেওয়া বলেন, ‘জাড়ে (শীতে) জান বারা (বেরিয়ে) যাচ্ছিল। বাঁচার আশা ছিল না। কম্বল পাওয়ায় এবারের জাড়ডা (শীতটা) পার করতে পারবো।’
শিবগঞ্জ (বগুড়া): শীতবস্ত্র বিক্রেতাদের মাথায় হাত ছিল এত দিন। কেউ কেউ আবার বলছিলেন, ‘শীত তো পড়ছেই না। তবে কি এবার শীতবস্ত্র আলমারিতেই রয়ে যাবে?’ চিত্রটা বদলে গেল গত বৃহস্পতিবার সকাল থেকে। উপজেলায় হঠাত্ করেই শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। জেঁকে বসেছে কনকনে শীত। তীব্র শীতের কারণে লেপ-তোশকের দোকানের পাশাপাশি মার্কেটগুলোতে গরম কাপড়ের দোকানে ভিড় করছেন মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতারা। আর নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী দরিদ্র মানুষেরা যাচ্ছেন ফুটপাতে পসরা সাজিয়ে বসা কম দামের শীতবস্ত্র বিক্রেতাদের কাছে। তবে অন্য বছরের চেয়ে এবার কাপড়ের দাম বেশি বলে জানালেন ক্রেতারা।
জয়পুরহাট: কনকনে ঠান্ডা বাতাস ও প্রচণ্ড কুয়াশায় জয়পুরহাটের জনজীবন স্থবির হয়ে পড়ে। ঠান্ডা বাতাস আর সূর্যের দেখা না পাওয়ায় জয়পুরহাটের হাড়কাঁপানো শীত জেঁকে বসেছে। অসহায় দরিদ্র ছিন্নমূল বস্তিবাসী ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা শীতে দুর্ভোগে পড়েছে। দরিদ্র শীতার্ত মানুষেরা সন্ধ্যায় ও সকালে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।