কনকনে শীত, মিষ্টি রস
বাংলায় শীত আর খেজুরের রস অচ্ছেদ্য বন্ধনে বাঁধা। শীত ছাড়া বছরের অন্য কোনো মৌসুমে মিলবে না তুলনারহিত এই পানীয়। কুয়াশায় আবছা সকালে কাঁপতে কাঁপতে ঠান্ডা রসের গ্লাসে চুমুক দেওয়ার যে তৃপ্তি, যে আমেজ, কোনো যুক্তি-প্রমাণ-তথ্য দিয়েই তা ব্যাখ্যা করা অসম্ভব। এই ব্যাখ্যাতীত পরিতৃপ্তিই বাঙালিকে রসের রসিক করে রেখেছে আবহমানকাল থেকে। হয়তো এই রসের জন্যই কষ্টের তিক্ততা ছাপিয়ে মধুর আনন্দময় হয়ে শীতকাল ফিরে ফিরে আসে এই জনপদে।গাছটির দিকে তাকালে কিন্তু বেশ আশ্চর্যই লাগে। রুক্ষ চেহারা। ভয়ংকর তার কাঁটা। পাতাগুলোও তীক্ষ মুখ। অথচ এই নীরস চেহারার গাছটির ভেতর থেকেই কিনা উদ্গত হয় প্রাণজুড়ানো রসের ধারা, তা-ও আবার শুষ্ক শীতকালে! ফল হিসেবে দেশি খেজুর তেমন উচ্চাঙ্গের কিছু নয়। আমাদের দেশে খেজুর বিখ্যাত তার রস, আর সেই রস থেকে তৈরি গুড়ের জন্য। শুখংকাষ্ঠং মার্কা গাছটি থেকে যাঁদের হাতের ছোঁয়ায় এই রসের ধারাপাত, অঞ্চলভেদে তাঁদের বলা হয় ‘সিউলি’ বা ‘গাছি’। কোমরে বাঁধা বাঁশের তৈরি লম্বা আকারের একটি ঝুড়ি। তার ভেতরে ক্ষুরধার ছেনি বা কাটারি। গাছের মাথায় উঠে সেই কাটারির সযতন, সুনিপুণ টানে টানে তাঁরা এক পাশের ডাল-বাকল কেটে মসৃণ করে তোলেন। এই কাজটি করতে হয় রীতিমতো শৈল্পিক নৈপুণ্যে। একটু এদিক-সেদিক হলেই গাছের দফারফা। রস নামা তো দুরস্ত, প্রাণেই বাঁচবে না গাছটি। দক্ষ সিউলির হাতে পড়লে একটি গাছ থেকে ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত রস নামানো যায়। অন্তত পাঁচ বছর বয়স না হলে রসের জন্য গাছ কাটা হয় না। রস নামে নরেন্দ্রনাথ মিত্রের খুবই বিখ্যাত এক গল্প আছে। সেখানে এক মর্মস্পর্শী মানবিক আখ্যানের সঙ্গে গাছকাটা থেকে গুড় তৈরির বিস্তারিত তথ্যও পাওয়া যাবে বাড়তি পাওনা হিসেবে।রসেও রকমফের আছে। রাতের রসের নাম ‘ঝরা’, এই রস মিষ্টি। দিনের রস একটু অম্ল স্বাদের। এর নাম ‘ওলা’। সাধারণত কার্তিক মাসের শুরু থেকেই গাছকাটা শুরু হয়। প্রথম দিকের রসে একটু নোনতা স্বাদ থাকে। পর পর তিন দিন রস নামানোর পর তিন দিন বিরতি দিয়ে আবার তিন দিন—এভাবে মাঘের শেষাবধি রস নামানো চলতে থাকে। বিরতির পর প্রথম যেদিন রস নামানো হয়, সেই রসই স্বাদে সৌরভে সেরা। যশোর অঞ্চলে একে বলে ‘জিরান কাট’, রাজশাহী অঞ্চলে ‘শুকান কাট’, কোথাও আবার ‘পয়েলা কাট’ নামেও এই রসের পরিচিতি। শীত যত বাড়তে থাকে, রসও ততই হয়ে ওঠে মিষ্টি-মধুর।রস তো পাওয়া গেল, কিন্তু তার রূপান্তরও কম বৈচিত্র্যময় নয়। আগুনের আঁচে ধীরে ধীরে সোনালি, কমলা অবশেষ রক্তিম তার রং। তখন তার কত্ত নাম—ঝোলা গুড়, নলেন গুড়, পাটালি গুড় প্রভৃতি। ব্যবহারও বহুমুখী। নতুন আতপ চালের ক্ষীরের জন্য চাই আঁচ দিয়ে ঘন করা কমলা রঙের রস। সুকুমার রায় তো বহুদূর ভেবে রায় দিয়েই গেছেন, ‘কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়’। স্বাদে-বর্ণে-গন্ধে সন্দেশকে অমৃতসম করে তোলে নলেন গুড়। পিঠাপুলিতে পাটালি গুড়ের প্রয়োগ প্রসিদ্ধ। কারওয়ান বাজারে খোঁজ নিয়ে জানা গেল, এবার এক নম্বর পাটালি গুড়ের দাম ১০০ থেকে ৯০ টাকা কেজি। ৭০ টাকা দরে পাটালি কিনলে নিশ্চিত জানবেন, ওতে চিনি মেশানো আছে। দিন বদলাচ্ছে, ভেজাল অনুপ্রবেশ করেছে শীতের এই অনবদ্য উপহারটিতেও। ইদানীং খেজুরগাছও কমে আসছে। কে জানে রসও হয়তো দুর্লভ হবে এই বাংলায়!