কনকনে শীতে বাড়ছে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে হিমেল হাওয়া এবং কুয়াশার সঙ্গে শিশির পড়ায় গরিব ও শ্রমিক শ্রেণীর মানুষেরা বেশি কষ্ট পাচ্ছে। শীতের কারণে দেশের বিভিন্ন স্থানে ঠান্ডাজনিত রোগ ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়ে গেছে। এসব রোগে শিশু ও বয়স্ক ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: এই জেলায় তীব্র শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল ও কলেজে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। গরম কাপড় না থাকায় শীতে বেশি কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষ। বরিশালে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ভরদুপুরেও সূর্যের দেখা মেলেনি। নগরের বস্তি এলাকায় দেখা গেছে, শীত নিবারণের জন্য মানুষ আগুন জ্বালিয়ে রেখেছে। বালুর ঘাট বস্তির সেতারা বেগম বললেন, ‘এমন শীত পড়ে, হ্যারপরও কোনো শীতের পোশাক কেউ দ্যায় নাই।’নড়াইল: জেলায় গতকাল মঙ্গলবারের তাপমাত্রা ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। যানবাহনগুলো দিনের বেলায়ও বাতি জ্বালিয়ে চলাচল করেছে। তীব্র শীতের পাশাপাশি রাতে বৃষ্টির মতো শিশির পড়েছে। ছিন্নমূল, ভাসমান ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সঞ্জিৎ কুমার সাহা জানান, গত কয়েক দিনে প্রায় শতাধিক শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।জয়পুরহাট: এ জেলায় প্রচণ্ড শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতবস্ত্রের অভাবে গরিব মানুষেরা কষ্ট পাচ্ছে। জয়পুরহাটে গত তিন-চার দিন ধরে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় খেতমজুরেরা মাঠে কাজ করতে পারছেন না। জেলার দুস্থ ও গরিব শীতার্ত মানুষের প্রয়োজনের তুলনায় সরকার থেকে দেওয়া কম্বল অপ্রতুল।পটুয়াখালী: গতকাল ভোর থেকে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। হঠাৎ করে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতবস্ত্রের অভাবে গরিব মানুষেরা খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।ফরিদপুর: তীব্র শীত জেঁকে বসায় ফরিদপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্রনাথ মালাকার জানান, গতকাল সকাল নয়টায় ফরিদপুরে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।ঠাকুরগাঁও: তীব্র শীতের কারণে শিশুরা ঠান্ডাজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। ঠাকুরগাঁও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রবি ও সোমবার ১০৪টি শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭২টি ডায়রিয়ায় এবং ৩২টি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়। বহির্বিভাগে আরও ২৬৯টি শিশুকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।সৈয়দপুর (নীলফামারী): এ উপজেলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সরকারিভাবে এখানে এখনো কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি। নিজবাড়ি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা রিকশাচালক আজাদ (৪০) জানান, প্রচণ্ড শীতে তিনি গত দুই দিন রিকশা নিয়ে বাইরে যাননি। ঘরে তাঁর শীত নিবারণের গরম কাপড়ও নেই। তাই স্ত্রী-সন্তান নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। একই অবস্থা ওই এলাকার ১০০ পরিবারের। অনেককে দুপুর অবধি খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।কমলগঞ্জ (মৌলভীবাজার): কনকনে ঠান্ডা বাতাসের কারণে কমলগঞ্জে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। প্রচণ্ড ঠান্ডার কারণে খেটে খাওয়া দিনমজুরদেরও কাজে না গিয়ে ঘরে বসে থাকতে হয়। শীতের তীব্রতায় অসহায় দুস্থ ও চা-বাগানের দরিদ্র শ্রমিকেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।