কনকর্ডের ভবন এতিমখানাকে হস্তান্তরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরে আবাসন প্রতিষ্ঠান কনকর্ডের তৈরি ১৮ তলা ভবনটি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আজ বৃহস্পতিবার এক রায়ে এ নির্দেশ দেন।


এ রায়ের মধ্যদিয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এ সংক্রান্ত একটি রিটের নিষ্পত্তি হলো। এতে এই এতিমখানার সম্পত্তি সংরক্ষণসহ চার দফা নির্দেশনা রয়েছে। এর মধ্যে এতিমখানার জায়গায় কনকর্ডের তৈরি ১৮ তলা ভবনটি ৩০ দিনের মধ্যে এতিমখানাকে বুঝিয়ে দিতে হবে। এ ছাড়া এতিমখানার সম্পত্তি কনকর্ডের কাছে হস্তান্তর সম্পর্কিত দলিলগুলো বাতিল ঘোষণা করা হয়।

১৯০৯ সালে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ আজিমপুরে একটি এতিমখানা স্থাপন করেন। পরে সেটি সম্প্রসারণের জন্য সরকারের কাছ থেকে আরও জমি ইজারা নেওয়া হয়। ২০০৩ সালের ২২ জুলাই ওই এতিমখানার দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দুই বিঘা জমি আবাসন প্রতিষ্ঠান কনকর্ডকে হস্তান্তর করেন। এই জমি হস্তান্তরকে চ্যালেঞ্জ করে এতিমখানার চারজন ছাত্র হাইকোর্টে রিট করেন। পরে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশও এ মামলার পক্ষভুক্ত হয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। শুনানি শেষে আজ রায় ঘোষণা হয়।