ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জন্য সরকারি জায়গায় করা বহুতল ভবনটি এতিমখানাটিকে বুঝিয়ে দিতে নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ডকে নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। অনুলিপি গ্রহণের ৩০ দিনের মধ্যে সমাজকল্যাণসচিবের মাধ্যমে কনকর্ডকে ওই বহুতল ভবনটি এতিমখানাকে বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ১০৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি হাতে পান বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী মনজিল মোরসেদ।
রায়ে বলা হয়, ওই ভবন সরকারি জায়গায় করা হয়েছে, এই ভূমিসহ ওখানে থাকা সম্পত্তি ও সব স্থাপনা এতিমখানা ও এতিমদের সুবিধার্থে এবং ব্যবহারের উদ্দেশ্যে এতিমখানার অনুকূলে বাজেয়াপ্ত করা হলো।
রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে বহুতল ভবনটি এতিমখানাকে বুঝিয়ে দিতে নির্দেশের পাশাপাশি এই সময়ের মধ্যে কনকর্ডের কাছ থেকে বহুতল ওই ভবনের দখল বুঝে নিতেও সমাজকল্যাণসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে কনকর্ড ও তাঁর ব্যক্তিদের উচ্ছেদের মাধ্যমে ওই ভবন ও সম্পত্তির অবস্থান নিতে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।
আইনজীবী সূত্র বলেছে, ১৯০৯ সালে ঢাকার নবাব সলিমুল্লাহ এতিমখানা স্থাপন করেন। পরে সরকারের কাছ থেকে আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা সম্প্রসারণের জন্য বিভিন্ন সময় ভূমি ইজারা নিয়ে এতিমখানা পরিচালিত হয়ে আসছে। তবে ২০০৩ সালের ২২ জুলাই এতিমখানার দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এতিমখানার দুই বিঘা জমি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ডের কাছে হস্তান্তর করে দলিল করে দেন। এই সম্পত্তি হস্তান্তর নিয়ে পত্রিকায় খবর প্রকাশের পর এতিমখানার চার শিক্ষার্থীর পক্ষে ২০১৩ সালে হাইকোর্টে রিট করা হয়। এতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ পক্ষভুক্ত হয়।
রিটে যুক্তি ছিল, এতিমখানার সম্পত্তি সরকারের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছে। ইজারা চুক্তির শর্ত ছিল, প্রতিষ্ঠানের প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজে জমি ব্যবহার করা যাবে না। তবে চুক্তির শর্ত ও গঠনতন্ত্র ভঙ্গ করে ওই সম্পত্তি হস্তান্তর করা হয়। এই সম্পত্তি সরকারের নামে রেকর্ড আছে, তারপরও বেআইনিভাবে এতিমখানার সম্পত্তি কনকর্ডের কাছে হস্তান্তর করা হয়।
আইনজীবী সূত্র বলেছে, প্রাথমিক শুনানি নিয়ে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি নির্মাণকাজে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। আর রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রায় ঘোষণা করেন। এতিমখানার সম্পত্তি হস্তান্তর-সম্পর্কিত ওই দলিল এবং ২০০৪ সালের ১৩ এপ্রিলের আমমোক্তারনামা দলিল বাতিল ঘোষণা করে রায়ে বলা হয়, এগুলো শুরু থেকেই অকার্যকর ও বাতিল।
আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ রায়ে কনকর্ড, এতিমখানার সভাপতি ও সাধারণ সম্পাদক যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এতিম বা এতিমখানার স্বার্থবিরোধী কোনো কাজ, জালিয়াতি ও প্রতারণা করে থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টে কনকর্ডের পক্ষে ছিলেন আইনজীবী এম এ হান্নান। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, এখন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের প্রত্যায়িত অনুলিপি হাতে পেলে নিয়মিত লিভ আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হবে।