চট্টগ্রাম বন্দরের জেটি বরাদ্দ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী দুটি কনটেইনার জেটিতে সাধারণ পণ্যবাহী জাহাজ ভেড়ানো শুরু হয়েছে। সাধারণ পণ্যবাহী জাহাজ আসার হার বাড়ায় এ নিয়ম চালু করা হয়েছে।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল শনিবার সকালে বন্দর ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন। এ সময় বন্দর সেনা নিরাপত্তা সেলের সমন্বয়কারী মেজর শাহরিয়ার মোর্শেদ উপস্থিত ছিলেন।নতুন নিয়মে কনটেইনার জাহাজের গড় অবস্থান বেড়ে যাবে কি না এমন প্রশ্নে সচিব বলেন, কনটেইনার জাহাজের সংখ্যা বেড়ে গেলে আবার আগের নিয়মে জাহাজ ভেড়ানো হবে। কনটেইনার এবং সাধারণ পণ্যবাহী জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।বন্দর সূত্র জানায়, গতকাল বন্দরের জেটিতে ভেড়ার অপেক্ষায় বহির্নোঙরে সাতটি কনটেইনার জাহাজ এবং ১১টি সাধারণ পণ্যবাহী জাহাজ অবস্থান করছিল।বন্দরের মূল ১৬টি জেটির ১০টি কনটেইনার জাহাজ এবং ছয়টি সাধারণ পণ্যবাহী জাহাজের জন্য বরাদ্দ আছে। কিন্তু সাধারণ পণ্যবাহী জাহাজ বেশি আসায় নতুন করে দুটি জেটির বরাদ্দ বাড়ানো হয়েছে। ফলে এখন আটটি জেটিতে সাধারণ পণ্যবাহী জাহাজ এবং আটটি জেটিতে কনটেইনার জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে।বন্দরের সচিব দাবি করেন, বন্দরে কনটেইনার জাহাজের গড় অবস্থান এখন আড়াই থেকে তিন দিনে নেমে এসেছে। প্রতিদিন বহির্নোঙর, জেটি ও মুরিং এলাকায় গড়ে এক লাখ টন পণ্য ওঠানো-নামানো হচ্ছে।