কনটেইনার ট্রেন লাইনচ্যুত চলাচল ১০ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে গত শুক্রবার দিবাগত রাতে কনটেইনারবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট, চাঁদপুর ও নোয়াখালীর ট্রেন যোগাযোগ প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকে। উদ্ধারকাজ শেষে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পুনরায় ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
চলাচল বন্ধ থাকায় লাকসাম, কুমিল্লা, ফেনী স্টেশনে আন্তনগরসহ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে নারী, শিশুসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
লাকসাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনারবাহী ৮০৩ নম্বর আপ ট্রেনটি রাত পৌনে দুইটার দিকে নাঙ্গলকোট রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি আউট সিগন্যাল অতিক্রমের সময় মাঝের চারটি বগি লাইনচ্যুত হয়। বগির নিচে পড়ে রেললাইনের পাশের কয়েকটি দোকানঘর ভেঙে যায়।
লাকসাম রেলওয়ে জংশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ জানান, সকাল আটটায় লাকসাম ও চট্টগ্রাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।