কনটেইনার ডিপো অবরুদ্ধ করে রাখায় মালিকদের উদ্বেগ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো অবরোধ করে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা)। গতকাল শনিবার সংগঠনের সভাপতি সভাপতি নুরুল কাইয়ুম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, পোশাকশিল্পের প্রায় ২৬ বিলিয়ন ডলারের রপ্তানি পণ্য প্রথমে বেসরকারি ডিপোগুলোয় এনে কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানি হয়। আবার ৩৭ ধরনের আমদানি পণ্য ডিপো থেকে কনটেইনার খুলে খালাস করা হয়। এসব ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন-সংক্রান্ত কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার অশুভ তৎপরতা প্রতিরোধ করতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
ঠিকাদারি কাজ না দেওয়ার অভিযোগে গত শুক্রবার সকাল থেকে ছয় ঘণ্টা বিএম কনটেইনার ডিপোর মূল ফটক অবরোধ করে রাখেন যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কোনো গাড়ি ঢুকতে বা বের হতে পারেনি।