কনটেইনার থেকে তেজস্ক্রিয় পদার্থ সরানোর প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজস্ক্রিয় পদার্থ থাকা কনটেইনারটি থেকে প্রথমে তেজস্ক্রিয়তাবিহীন রাসায়নিক পণ্য সরানোর কাজ শুরু করেছেন বিজ্ঞানীরা। গতকাল সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দর চত্বরে পরমাণু শক্তি কমিশনের নয় সদস্যের বিজ্ঞানীদের একটি দল এই কার্যক্রম শুরু করে। তেজস্ক্রিয় পদার্থবিহীন পণ্য সরানোর পর তেজস্ক্রিয় পদার্থ চিহ্নিত করে তা অপসারণ করা হবে।  কনটেইনারটিতে পাউডারজাতীয় পদার্থ জিঙ্ক অক্সাইড রয়েছে।

কনটেইনারটি থেকে তেজস্ক্রিয় পদার্থ সরাতে গত রোববার থেকে কাজ করছেন বিজ্ঞানীরা। প্রথম দিনের পরিদর্শনে তাঁরা কনটেইনারের শেষ প্রান্তে তেজস্ক্রিয় পদার্থের অবস্থান শনাক্ত করেন। তবে কনটেইনারে থাকা কোন বস্তায় তেজস্ক্রিয় পদার্থ রয়েছে তা শনাক্ত করা যায়নি। আজ মঙ্গলবারও এই কার্যক্রম চলবে।

গত ২২ আগস্ট কনটেইনারবাহী একটি গাড়ি বন্দরের তেজস্ক্রিয় শনাক্তকরণ ফটক পার হওয়ার সময় সতর্কসংকেত বেজে ওঠে। পরে পরমাণু শক্তি কমিশন এবং মেগাপোর্ট প্রকল্পের (যুক্তরাষ্ট্রের অর্থায়নে স্থাপিত তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র বা ফটক) যৌথ পরীক্ষায় কনটেইনারে থাকা রাসায়নিক পণ্যে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। কনটেইনারে থাকা রাসায়নিক পণ্য চীনে রপ্তানি হওয়ার কথা ছিল।

তেজস্ক্রিয় পদার্থ অপসারণের অভিযানে নেত্বত্ব দিচ্ছেন পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ পাল। তিনি প্রথম আলোকে বলেন, কনটেইনারে এখন যে অবস্থায় তেজস্ক্রিয় পদার্থ রয়েছে তা মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর নয়।

বিজ্ঞানীরা জানান, কনটেইনারের ভেতর প্রতিটি বস্তায় ৫০০ কেজির কম-বেশি জিঙ্ক অক্সাইড রয়েছে। গতকাল কনটেইনারের দরজার দিকে থাকা বস্তাগুলো সরিয়ে নেওয়া হয়। তার আগে পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হন, এসব বস্তায় তেজস্ক্রিয় পদার্থ নেই।

এর আগে প্রাথমিক পরীক্ষা অনুযায়ী, কনটেইনারের পেছনের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা পাওয়া যায় ঘণ্টায় সর্বোচ্চ ৬ দশমিক ২৪ মাইক্রোসিয়েভার্টস (তেজস্ক্রিয়তা থেকে যে বিকিরণ হয় তার একক)। আবার কনটেইনারটিতে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল পাওয়া গেছে ‘সিজিয়াম ১৩৭’।

চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হওয়া কনটেইনারে প্রথম তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয় ২০১৪ সালের ২৯ এপ্রিল। পুরোনো ইস্পাতের টুকরোবাহী ওই কনটেইনারে প্রাথমিক পরীক্ষায় তেজস্ক্রিয়তার মাত্রা পাওয়া যায় প্রতি ঘণ্টায় ১০ মাইক্রোসিয়েভার্টস। পরে তেজস্ক্রিয়যুক্ত বস্তুটি কনটেইনার থেকে অপসারণ করা হয়।