উদ্বোধনের এক মাস পর চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে পানগাঁও নৌ-টার্মিনালে পণ্যভর্তি কনটেইনার পরিবহন শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে বন্দরের এনসিটি জেটি থেকে পণ্যবোঝাই কনটেইনার নিয়ে ছেড়ে গেছে ‘এমভি পানগাঁও সাকসেস’ নামের একটি জাহাজ।
বন্দরসূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে জাহাজটি বন্দর ছেড়ে যায়। বন্দরের জাহাজটিতে ওয়ালটন গ্রুপের ২০ কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) পণ্য রয়েছে। এ ছাড়া ৫৬ একক খালি কনটেইনারও বোঝাই করা হয়েছে জাহাজটিতে। জাহাজটি পরিচালনায় রয়েছে বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের প্রধান লে. কমান্ডার হাবিব উল আলম।
বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, নদীপথে কনটেইনার পণ্য পরিবহনের ঘটনা দেশে এটিই প্রথম। জাহাজটি গতকাল সন্ধ্যায় হাতিয়া চ্যানেল অতিক্রম করছিল। জাহাজটি আমদানি পণ্যভর্তি কনটেইনার পানগাঁও নৌ-টার্মিনালে নামানোর পর সেখান থেকে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে ফিরে আসবে।
বন্দরসূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়ন হওয়া আমদানি পণ্য নেওয়া হচ্ছে। সাধারণত অনুমোদিত কোনো টার্মিনাল থেকে পণ্য খালাস করতে হলে পণ্য আমদানির ঋণপত্র খোলার সময় নথিপত্রে তা উল্লেখ করতে হয়। অবশ্য আমদানির দলিলপত্র সংশোধন করে পণ্য খালাসের গন্তব্যস্থল পরিবর্তনের সুযোগ আছে। এ ক্ষেত্রে আমদানিকারক ও কনটেইনারের মালিকপক্ষের প্রতিনিধির সম্মতি থাকতে হবে।
বন্দরসূত্রে জানা গেছে, পানগাঁও নৌপথে কনটেইনার পরিবহনের বেশ কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি। যেমন, পণ্য পরিবহনের মাশুল নির্ধারিত হলেও এখনো চূড়ান্ত হয়নি। আপাতত বন্দরের নির্ধারিত মাশুলই আদায় করা হবে। ধীরে ধীরে দালিলিক কার্যক্রমগুলো গুছিয়ে আনা হচ্ছে বলে বন্দর কর্মকর্তারা জানান। হরতাল-অবরোধের কারণে সড়কপথে পণ্য পরিবহন বন্ধ থাকায় ব্যবসায়ীরা নৌপথে কনটেইনার পরিবহন চালুর আহ্বান জানিয়ে আসছিলেন।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রথম আলোকে বলেন, এটি ভালো উদ্যোগ। নৌপথে পুরোদমে কনটেইনার পরিবহন চালু হলে হরতাল-অবরোধে পণ্য পরিবহনে ঢাকা অঞ্চলের ব্যবসায়ীরা বিকল্প পথ ব্যবহারের সুফল পাবেন। শুরুর দিকে কম হলেও ঢাকা ও আশপাশের অঞ্চলের ব্যবসায়ীদের নৌপথে কনটেইনার পরিবহনে আগ্রহ বাড়বে বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার অদূরে বুড়িগঙ্গার তীরে নারায়ণগঞ্জের কেরানীগঞ্জ এলাকায় পানগাঁও নৌ-টার্মিনালের উদ্বোধন করেন। উদ্বোধনের পরও নানা জটিলতায় এত দিন নৌপথে কনটেইনার পরিবহন চালু করা যায়নি।