কনটেইনার পাচার চেষ্টায় গ্রেপ্তার আরও একজন, তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত জেটি এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের আমদানি করা মালামালভর্তি কনটেইনার (পণ্য পরিবহনের জন্য বড় আকারের ধাতব বাক্স) পাচার চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বন্দরের নিমতলা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ওই সদস্যের নাম নুরুল কবির। তিনি কনটেইনার পাচারের পরিকল্পনার সঙ্গে জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। বন্দরের নিজস্ব তদন্ত কমিটিও ইতিমধ্যে এ ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে। এ-সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা (আইও) বন্দর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন পুলিশ ও বন্দর নিরাপত্তা বিভাগের লোকজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কনটেইনার পাচার পরিকল্পনাকারী হিসাবে নুরুল করিমের নাম প্রকাশ করেছিলেন। প্রসঙ্গত, বন্দর নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা গত মঙ্গলবার রাতে বন্দরের সংরক্ষিত জেটি এলাকার ভেতর থেকে একটি ট্রেইলারসহ (দীর্ঘ ট্রাক্টরে টানা যান) তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তাঁরা ওই যানে করে আমদানি পণ্যভর্তি একটি কনটেইনার জেটির বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বন্দরের তদন্ত শুরু: বন্দরের নিরাপত্তা বিভাগের উপপরিচালক লে. কমান্ডার আকরাম হোসেন এবং সহকারী ট্রাফিক কর্মকর্তা কুদরত-ই-খুদার সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। তাদের ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।