চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত জেটি এলাকা থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার পাচারের চেষ্টার সঙ্গে নিরাপত্তা বিভাগের দুই কর্মী জড়িত ছিলেন। তাঁরা হলেন: নিরাপত্তা প্রহরী আবদুল ওয়াহাব ও তৌহিদ সরকার।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুই সদস্যের তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল রোববার এই প্রতিবেদন বন্দরের পরিচালকের কাছে (নিরাপত্তা) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, আবদুল ওয়াহাব কনটেইনার পাচারচক্রের তিনজনকে জেটিতে নিরাপদে ঢোকার পাস দেওয়ার ব্যবস্থা করেন এবং তৌহিদ বাইরে থেকে পণ্যভর্তি কনটেইনার নিরাপদে পাচারের জন্য যাবতীয় যোগাযোগ করেন।বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের উপপরিচালক তদন্ত কমিটির প্রধান লে. কমান্ডার আকরাম হোসেন প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।গত সপ্তাহে বন্দরের সিসিটি ইয়ার্ডে রাখা পণ্যভর্তি একটি কনটেইনার পাচারের চেষ্টাকালে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারী (জেটি সরকার) কালিপদ দেব মিঠু, ট্রেইলারের (কনটেইনার বহনকারী যান) চালক নুরুল করিম ও সহকারী জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে সোপর্দ করা হলে প্রথম দিনেই তাঁরা জামিনে ছাড়া পান। তদন্ত প্রতিবেদনে বলা হয়, এম এম করপোরেশন নামের যে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের অনুকূলে বন্দরে জেটিতে ঢোকার নিরাপত্তা পাস ইস্যু করা হয়, ওই প্রতিষ্ঠানের লাইসেন্স আগেই বন্দরে পণ্য জালিয়াতির জন্য বাতিল করা হয়। বাতিল প্রতিষ্ঠানের অনুকূলে নিরাপত্তা পাস ইস্যুর ব্যবস্থা করেন নিরাপত্তাকর্মী আবদুল ওয়াহাব।তদন্ত কমিটি জেটি থেকে কনটেইনার পাচারচক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পেয়েছে। তাঁরা হলেন: নুরুল কবির, নাছির মাঝি, শ্রমিক মুন্সী ও মোশারফ। বিভিন্ন সময়ে এসব ব্যক্তি নানা কৌশলে বন্দর জেটিতে ঢুকে পণ্য পাচার করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত শুক্রবার নুরুল কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।