চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনারচাপায় একজন ট্রলি সহকারীর মৃত্যু হয়েছে। গত বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. কবির (২৮)। তিনি নগরের উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে। নিহত কবির কুমিল্লা জেলার দেবীদ্বারের স্থায়ী বাসিন্দা। তিনি কনটেইনারবাহী ট্রলির সহকারী হিসেবে কাজ করতেন। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী সরকার প্রথম আলোকে বলেন, ‘রাত সোয়া একটার দিকে এনসিটির ভেতর স্তূপ করে রাখা খালি কনটেইনারের দুই সারির মাঝে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান কবির। এ সময় ফর্ক লিফটের মাধ্যমে একটি কনটেইনার সরানোর সময় কবির চাপা পড়েন। তাঁর চিৎকার শুনে ইয়ার্ডের লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন।’এসআই তৈয়ব আলী জানান, উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।