চট্টগ্রাম বন্দরে বিভিন্ন কনটেইনারে বিদেশ থেকে কী পণ্য আসছে, তা জানে না বন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে পাঠানো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই প্রতিবেদন উত্থাপন করা হয়। তবে এটি নিয়ে বৈঠকে আলোচনা হয়নি।সংসদ সচিবালয় সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরে কনটেইনার স্ক্যানিংয়ের চারটি মেশিনই কাস্টমস কর্তৃপক্ষের অধীনে। বন্দরের নিরাপত্তা বিভাগ তাদের কাছে কনটেইনার স্ক্যানিং-সংক্রান্ত তথ্য চাইলে তা পাওয়া যায় না। যে কারণে কনটেইনারে কী ধরনের মালামাল আসছে, সে সম্পর্কে নিরাপত্তা বিভাগ অন্ধকারে আছে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ছাড়া সম্প্রতি মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য খালাস করার প্রবণতা বেড়েছে। যে কারণে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।বৈঠক সম্পর্কে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি বন্দরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিকমানে উন্নীত করার সুপারিশ করেছে। এ ছাড়া কমিটি কর্ণফুলী সেতু থেকে চট্টগ্রাম বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। বৈঠক শেষে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্য অপ্রতুল। তাই কমিটি বন্দরের নিরাপত্তা বিভাগের জনবল বাড়ানোর সুপারিশ করেছে। বিশাল এলাকায় এত অল্পসংখ্যক সিসি ক্যামেরা দিয়ে কাজ চালানো সম্ভব নয়। এ জন্য কমিটি ১৭০টি সিসি ক্যামেরা কেনার সুপারিশ করেছে।নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মোস্তফা কামাল পাশা, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, নসরুল হামিদ ও নজরুল ইসলাম (বাবু) অংশ নেন।