চট্টগ্রাম বন্দর চত্বরে কনটেইনারে পণ্য রাখার ভাড়া দ্বিগুণ হারে বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। গতকাল সোমবার বন্দর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।
জাহাজ থেকে নামানোর পর বন্দর চত্বরে বিনা ভাড়ায় চার দিন কনটেইনারে পণ্য রাখা যায়। এরপর থেকে ২০ ফুট দীর্ঘ কনটেইনারের জন্য প্রতিদিন ছয় থেকে পর্যায়ক্রমে ২৪ ডলার হারে ভাড়া দিতে হয়। তবে জাহাজ থেকে নামানোর পর সাত দিনের মধ্যে পণ্য খালাস না করলে দ্বিগুণ হারে ভাড়া দিতে হবে। গত ২৭ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
চেম্বারের চিঠিতে বলা হয়, ব্যবসা-বাণিজ্যের মন্দা, বর্ধিত শুল্কমূল্য নির্ধারণসহ অনেক কারণে ব্যবসায়ীদের পক্ষে বন্দর থেকে পণ্য ছাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ব্যবসায়ীরা আরও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। চিঠিতে কাস্টমসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো এবং যন্ত্রপাতি সংযোজন করে পণ্য খালাসের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। চিঠিতে সই করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
যোগাযোগ করা হলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রথম আলোকে বলেন, পণ্যভর্তি কনটেইনার স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে বেশি হওয়ায় দ্বিগুণ ভাড়া আরোপ করা হয়েছে। এ জন্য জাহাজ থেকে নামানোর পর সাত দিন পর্যন্ত এই দ্বিগুণ ভাড়া কার্যকর হবে না। স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে কনটেইনারের সংখ্যা কমে এলে তা প্রত্যাহার করা হবে।